সরকার দেশকে অন্ধকারে নিয়ে যাচ্ছে: এমরান সা‌লেহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। বুধবার বি‌কে‌লে শাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজারে
ছবি: প্রথম আলো

আবার ভোট চুরি করে ক্ষমতায় থাকতে সরকার সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এর দায়দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে।

আজ বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজারে ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ এসব কথা বলেন।

এমরান সালেহ বলেন, আওয়ামী লীগের নেতারা তাঁদের দুঃশাসন ও দুর্নীতির কারণে শোচনীয় পরাজয়ের আশঙ্কায় নিরপেক্ষ নির্বাচনে ভয় পান। এ জন্য তাঁরা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে সংবিধান কাটাছেঁড়া করে এখন সংবিধানের দোহাই দিয়ে আবারও প্রহসনের নাটক করতে চাচ্ছেন। বিদেশে বিএনপির বন্ধু আছে, প্রভু নেই। বিদেশি নয়, দেশের জনগণ বিএনপির রাজনীতির নিয়ামক শক্তি। জনগণই সব ক্ষমতার উৎস। আওয়ামী লীগের মতো বিএনপি বিদেশি শক্তির মুখাপেক্ষী হয়ে রাজনীতি করে না।

এমরান সালেহ আরও বলেন, গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার নিয়ে সরকারের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে বিএনপি আন্দোলন করছে। ইনশা আল্লাহ এ আন্দোলনে প্রহসনের নির্বাচনের সব ষড়যন্ত্র ভেসে যাবে। বিএনপি দেশ, জনগণ, গণতন্ত্র ও রাজনীতির বৃহত্তর স্বার্থে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন চায়। আওয়ামী লীগ দলীয় ও ব্যক্তি স্বার্থে তা চায় না।

শাকুয়াই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক টিমের প্রধান স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাইয়ের সভাপতিত্বে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ আজিজুল হক, আসলাম মিয়া, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, আলমগীর আলম, এস এম দুলাল, কাজী নওশাদ হোসেন, উপজেলা বিএনপির নেতা মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান, রফিকুল ইসলাম, শহীদুল হক খান, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহসভাপতি মনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য দেন।

সন্ধ্যায় একই স্থানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম কাজী বদরুদ্দোজা প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।