পাবনায় মুখে কাপড় বাঁধা অস্ত্রধারীদের গুলিতে যুবক নিহত

লাশ
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহম্মেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের মন্ত্রীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাফসির উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের তানজুর রহমানের ছেলে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাফসির মন্ত্রীর মোড়ে একটি দোকানে বসে ছিলেন। এ সময় মুখে কাপড় বাঁধা তিন থেকে চারজন অস্ত্রধারী তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তাফসির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।  

স্থানীয় মানুষের দাবি, পাকশী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একটি পক্ষের সঙ্গে তাফসিরের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাফসিরের লাশ ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।