আদালতের গারদখানার সামনে থেকে পালিয়ে যাওয়া আসামিকে আবার গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার
আদালতের গারদখানার সামনে থেকে পালিয়ে যাওয়া আসামিকে আবার গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার

আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

গাজীপুর মহানগর আদালতের প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া আসামিকে অভিযান চালিয়ে আবার গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষয়টি গণমাধ্যমকে জানান।

আসামি সম্রাট মন্ডল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাকপাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১, গাজীপুরের সিপিএসসি ও র‍্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসসির সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও একাধিক সোর্সের মাধ্যমে পলাতক সম্রাটের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ময়মনসিংহ শহরের কাশর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার বেলা ২টার দিকে কোর্ট পুলিশ গারদখানা থেকে সম্রাটকে আদালতের এজলাসে হাজির করার প্রক্রিয়া চালাচ্ছিল। এ সময় তিনি কৌশলে হাতকড়া থেকে হাত ছুটিয়ে দৌড়ে পালিয়ে যান। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে ধরার চেষ্টা করেন, তবে ধরতে পারেননি।

সম্রাট মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

পরে এ ঘটনায় গাজীপুর মহানগর সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে একই দিন দণ্ডবিধির ২২৪ ধারায় (আইনসম্মত গ্রেপ্তার এড়াতে পলায়ন) একটি মামলা করেন।

পালানোর ঘটনার আগে গত শনিবার রাতে গাজীপুরের গাছা থানার খুনিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সম্রাট মন্ডলকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। এ সময় তাঁর সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন আলামিন ইসলাম, শহীদুল ওরফে মনসুর ও আমিন মিয়া। পরে চারজনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্রাট মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে র‍্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বলেন, গ্রেপ্তারের পর সম্রাট মন্ডলকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।