
দিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—দিনাজপুর পৌর শহরের রামনগর এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫৫) ও একই এলাকার মো. মাসুম হোসেনের ছেলে সোহানুর রহমান ওরফে সোহান (৩৫)। তাঁরা দুজন সম্পর্কে মামা-ভাগনে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে বাবুল হোসেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার পদে এবং সোহান একই অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে বাবুল ও সোহানুর দিনাজপুর শহর থেকে একই মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দিনাজপুর-ঢাকা মহাসড়কের চুনিয়াপাড়া এলাকা অতিক্রমের সময় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাবুল ও সোহান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে পিষ্ট হলে ঘটনাস্থলে তাঁদের দুজনের মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, বাসচাপায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছেন। নিহত দুই ব্যক্তির লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনিব্যবস্থা নেওয়া হবে।