
সিলেটের বিশ্বনাথে সংসদ সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের এক নেতার দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত শামীম আহমদ (৪২) বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। কারাদণ্ডের পাশপাশি তাঁকে দুই হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
গতকাল বুধবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ রায় দেন। সিলেট জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ নিজাম উদ্দিন রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মামলায় অভিযুক্ত অপর চার আসামিকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (৪৭), বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জুনাব আলী (৪৪), উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান সেবুল (৪২) ও বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া (৪২)।
সংসদ সদস্য মোকাব্বির খান গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি। ২০২০ সালে ১০ আগস্ট দুপুরে বিশ্বনাথ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে গেলে তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় কেউ হতাহত না হলেও গাড়ির গ্লাস ভেঙে গিয়েছিল। এ ঘটনার পরদিন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছিলেন।