
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইটভাটার মাটি খুঁড়ে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস), এক লাখ ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন নুরুল কবির। তিনি একাধিক মামলার পলাতক আসামি বলে জানিয়েছে নৌবাহিনী।
টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার করা মাদক, আগ্নেয়াস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার ব্যক্তিকে আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, মাদক ও অস্ত্রগুলো গোপনে হ্নীলা এলাকার ওই ইটভাটার মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
এর আগে ২৭ এপ্রিল দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত একই ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় পৃথক আরেক অভিযানে নৌবাহিনী মাটি খুঁড়ে দুটি জি-৩ রাইফেল, একটি এম-১৬ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০টি তাজা গুলি, ১০টি খালি কার্তুজ এবং ২৮ হাজার ইয়াবা উদ্ধার করে।