সৌদি আরবে দুর্ঘটনা

অবুঝ দুই সন্তান লইয়া ক্যামনে বাঁচব, কী খাওয়াব?

অকালে স্বামীকে হারিয়ে ছোট্ট দুই ছেলেমেয়েকে নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন আসমা আক্তার
ছবি: প্রথম আলো

গ্রামে অটোরিকশা চালাতেন রুহুল আমিন (৩২)। সাত মাস আগে ধারদেনা করে পাড়ি জমান সৌদি আরবে। বিদেশের মাটিতে যা আয় হতো তা দিয়ে ভালোই চলছিল সংসার। এ বছর ওমরাহ করতে চেয়েছিলেন রুহুল। সেই উদ্দেশ্যে গত সোমবার বাসে চড়ে মক্কায় যাচ্ছিলেন তিনি। তবে পথে বাসটি দুর্ঘটনার শিকার হলে রুহুলের মৃত্যু হয়। এমন অকালমৃত্যু কোনোভাবেই মানতে পারছে না রুহুলের পরিবার।

রুহুল আমিনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া এলাকায়। তাঁর বাবা মৃত মো. ইসহাক মাতুব্বর। চার ভাই ও তিন বোনের মধ্যে রুহুল সবার ছোট। রুহুলের ৭ বছর বয়সী এক ছেলে ও ৩ বছর বয়সী এক মেয়ে আছে।

গত সোমবার ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের আসির প্রদেশের আকাবা শার এলাকায় একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। রুহুলসহ বাসের যাত্রীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায় বলে মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজের খবরে বলা হয়েছে। এতে রুহুলসহ ওই বাসের ১৮ বাংলাদেশি যাত্রী নিহত হন।

দিয়াপাড়া এলাকার বাসিন্দারা জানান, উন্নত জীবনের আশায় সাত মাস আগে চার লাখ টাকা ধারদেনা করে সৌদি আরবে যান রুহুল। সেখানে একটি হোটেলে কাজ করতেন তিনি। আগামী বছর ঈদে দেশে আসার কথা ছিল রুহুলের। তাই এ বছর ওমরাহ করতে চেয়েছিলেন। মক্কা যাওয়ার জন্য গত সোমবার বাসে ওঠেন রুহুল। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল বুধবার রাতে রুহুলের পোশাক ও পরিচয়পত্র দেখে তাঁর মামাতো ভাই জসিম বাড়িতে ফোন করে জানান, রুহুল মারা গেছেন। দুর্ঘটনায় রুহুলের শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে।

মাদারীপুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রুহুলের বাড়ি। আজ বেলা ১১টার দিকে রুহুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির চারপাশে মানুষের ভিড়। বাড়িতে ঢোকার অনেক আগে থেকে ভেসে আসছিল কান্নার আওয়াজ। ভিড় ঠেলে বাড়ির উঠানে গিয়ে দেখা যায়, রুলের স্ত্রী আসমা আক্তার মাটিতে বসে আকাশের দিকে আহাজারি করছেন। পাশে বসেছিলেন রুহুলের মা রাবেয়া বেগম ও বোন রুনা বেগম। রাবেয়া বেগম বারবার বুক চাপড়ে ছেলেকে দেখার আকুতি জানাচ্ছেন। তাঁদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশী ও স্বজনদের চোখেও পানি। তাঁরা কেউই রুহুলের এমন মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না।

রুহুলের স্ত্রী আসমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর লগে গত রবিবারও কথা হইছে। সে ওমরাহ পালন করতে যাইব দেইখা সবার দোয়া নিল। পোলা–মাইয়ার লগে ভিডিও কলে কথা কইল। এক দিন পরই স্বামীর খোঁজ নাই। হায় আল্লাহ! তুমি আমার স্বামীরে এ কেমন মৃত্যু দিলা। আমি এখন কই যামু? কার কাছে যামু? অবুঝ সন্তান দুইডা লইয়া ক্যামনে বাঁচব, ওগের কী খাওয়ামু?’

এমন অকালমৃত্যু কোনোভাবেই মানতে পারছে না রুহুলের পরিবার

আদরের সন্তান ফিরবে না জেনেও শাড়ির আঁচল পেতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন রাবেয়া বেগম। তিনি বলেন, ‘বাপজানের লগে সেদিনও কথা হইল। বাপজানে দোয়া চাইল। আমি দোয়া দিলাম। আল্লা তুমি আমার বাপজানরে ফিরাইয়া দাও। আল্লা তুমি আমাগোরে সাহায্য করো। আমার বাপজানকে একবার তুমি আমার কাছে ফিরাইয়া দাও।’

রুহুল আমিনের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ‘সাত ভাইবোনের মধ্যে রুহুল ছিল সবার ছোট। আমাদের পরিবারের সবাই দিনমজুর। কেউ ভ্যান চালায়, কেউ শ্রম বিক্রি করে আয় করে। সবাই দূরে দূরে থাকে। রুহুলের মৃত্যুর খবর পাইয়া আমরা ওর বাড়িতে আইছি। আম্মায় কইল রুহুল বিদেশে যাওয়ার আগে ৪ লাখ টাকা দেনা করছে। এই দেনা আমরা কীভাবে শোধ করব?’

শাড়ির আঁচল পেতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন রাবেয়া বেগম

প্রতিবেশী লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, রুহুলের ছোট একটা ঘর। এই ঘরেই তাঁর মা, এক বোন, স্ত্রী তাঁর দুই সন্তানকে নিয়ে খুব কষ্টে থাকেন। রুহুলের আয়ে সব চলত। রুহুলের মৃত্যুতে পরিবারটি পথে বসে গেল। ছোট দুই সন্তানের জন্য সবার খারাপ লাগছে।

এ সম্পর্কে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, ‘রুহুল আমিনের মরদেহ দেশে দ্রুত ফেরত আনতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া সৌদি আরবের কর্মস্থলে যোগাযোগ করে অসহায় পরিবারটির আর্থিক সহযোগিতা করা হবে। আর উপজেলা পরিষদ ও প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমেও রুহুল আমিনের পরিবারকে ঋণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।’