নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ২ জেলে দগ্ধ

আগুন
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার দমার চরের দক্ষিণে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে ও ট্রলারমালিক মো. রাকিব উদ্দিন (৩৫) ও একই ইউনিয়নের বাসিন্দা মো. সামছুদ্দিন (৩৭)। অগ্নিকাণ্ডের ঘটনার পর নদীতে থাকা অন্য ট্রলারের জেলেরা এগিয়ে দগ্ধ দুই জেলেকে উদ্ধার করেন। পরে তাঁদের নিঝুম দ্বীপে নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, গতকাল বিকেলে রাকিব মাঝির ট্রলার নিয়ে ১৫ জেলের একটি দল মেঘনা নদীতে মাছ ধরতে রওনা হয়। ট্রলারটি নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাট থেকে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের দিকে যাত্রা করে। পথে ট্রলারটি দমার চরের দক্ষিণে পৌঁছালে ট্রলারের কেবিনে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।

এতে ওই ট্রলারে আগুন ধরে যায়। এ সময় ট্রলারে থাকা জেলেদের মধ্যে ১৩ জন লাফিয়ে নদীতে পড়েন। এ সময় ট্রলারের মালিক রাকিব ও শামসুদ্দিন আগুন নেভানোর জন্য কেবিনে ঢোকার চেষ্টা করে দগ্ধ হন। পরে তাঁরাও নদীতে ঝাঁপ দেন।

এ সময় কাছাকাছি এলাকায় মাছ ধরতে যাওয়া আরেকটি ট্রলারের জেলেরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখে নদীতে ঝাঁপিয়ে পড়া জেলেদের উদ্ধার করেন।

চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, দগ্ধ দুই জেলের শরীরের ভিন্ন অংশ ঝলসে গেছে। আপাতত বাড়িতে রেখে তাঁদের চিকিৎসা চলছে।