সাংবাদিক রব্বানির হত্যাকারীরা যে দল করে, তাদেরই দায় নিতে হবে: বিএনপি

সাংবাদিক গোলাম রব্বানির কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা। আজ রোববার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোমের চরে
ছবি: প্রথম আলো

জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানির পরিবারের সঙ্গে দেখা করেছে বিএনপির কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোলাম রব্বানির গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোমের চরে যায় প্রতিনিধিদলটি।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। তাঁর সঙ্গে ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) বিএনপির সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিএনপির নেতা–কর্মীরা।

এ সময় জহির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘যারা স্বাধীন সাংবাদিকতাকে ভয় পায়, যারা সত্যকে ভয় পায়, যারা গণতন্ত্রের কণ্ঠস্বরকে হত্যা করতে চায়, তারাই গোলাম রব্বানি নাদিমকে হত্যা করেছে। এই হত্যাকারীরা যে দল করে, তাদেরই হত্যার দায় নিতে হবে।

এর আগে বিএনপি নেতা–কর্মীরা গোলাম রব্বানির কবর জিয়ারত করেন। পরে রব্বানির পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাসও দেন।

গত বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানি। বকশীগঞ্জের পাটহাট এলাকায় তাঁর ওপর হামলা করে একদল সন্ত্রাসী। এ সময় তাঁকে টেনেহিঁচড়ে উপর্যুপরি কিল-ঘুষি ও ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সস্ত্রাসীরা তাঁকে ফেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই সাংবাদিকের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে গতকাল পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি পুরো হামলার নেতৃত্ব দেন বলে জানিয়েছে র‌্যাব। মাহমুদুল সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকে শুক্রবার রাতে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।