
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোবারক হোসেন ওরফে বাবু (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষে তাঁর ছেলে ইমরান ব্যাপারীও গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মুসা গাজী নামের একজনকে আটক করেছে।
গুলিবিদ্ধ মোবারক হোসেন ওই এলাকার আবুল ব্যাপারীর ছেলে। গুরুতর আহত ইমরান ব্যাপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাই প্রধান ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মোহনপুর পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান। ওই নির্বাচনে কাজী মিজানুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর পক্ষে সেখানে নির্বাচনের সার্বিক বিষয়ে দেখভাল করেন বাহাদুরপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক ও তাঁর লোকজন। আবদুল হাইয়ের নির্বাচনের সার্বিক তদারকি করেন স্থানীয় যুবলীগের নেতা বাহাদুরপুর এলাকার আমির হোসেন ওরফে কালু। নির্বাচনের পর থেকে এ দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।
যুবলীগ নেতা আমির হোসেন ওরফে কালু প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিপক্ষ আবদুর রাজ্জাকের লোকেরা এ ঘটনার জন্য দায়ী। তাঁরাই গুলি করে তাঁর ভাই মোবারক হোসেনকে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা করবেন।
অন্যদিকে আবদুর রাজ্জাক পাল্টা অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমির হোসেনের লোকেরাই এ ঘটনা ঘটিয়েছেন। তাঁরা থানায় মামলা করবেন।
এ বিষয়ে কথা বলতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
ওই থানার উপপরিদর্শক (ডিউটি অফিসার) মো. সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানার সব পুলিশ কর্মকর্তা ও সদস্য ঘটনাস্থলে রয়েছেন। সেখান থেকে মুসা গাজী নামের একজনকে আটক করা হয়েছে। তিনি বাহাদুরপুর এলাকার শাহাজাহান গাজীর ছেলে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বিকেলে উপজেলার মাথাভাঙ্গা এলাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় আবদুর রাজ্জাক ও আমির হোসেনের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে শর্টগানের গুলিতে আহত হন আমির হোসেনের ভাই মোবারক হোসেন ও তাঁর ছেলে ইমরান ব্যাপারী (১৮)।
এ সময় সেখানকার বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। গুলিবিদ্ধ মোবারক হোসেন ও ইমরান ব্যাপারীকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল পাঁচটায় মোবারক হোসেন মারা যান। গুরুতর আহত ইমরান ব্যাপারীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজনেরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আহত ইমরান ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।