ডেঙ্গু পরিস্থিতি

বরিশালে চিকিৎসা অপ্রতুল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে শয্যা না হওয়ায় মেঝেতে রেখে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। গত শনিবার হাসপাতালের মেডিকেল ওয়ার্ড থেকে তোলা ছবি
 প্রথম আলো

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে ঈদুল আজহার পর প্রতিদিনই রোগী বাড়ছে। রোগীর সংখ্যা বাড়ায় স্বাস্থ্য বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে। তবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও যথাযথ ব্যবস্থাপনা নেই বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লাটিলেট আলাদা করার কোনো যন্ত্র এই বিভাগে নেই।

স্বাস্থ্য-বিশেষজ্ঞরা বলছেন, বরিশাল বিভাগে অন্যান্য বছরের তুলনায় এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগী বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ হতে পারে পরিস্থিতি। উষ্ণ আর্দ্র আবহাওয়ার কারণে বাংলাদেশ মশা ও মশাবাহিত রোগ বিস্তারের জন্য উপযুক্ত জায়গা। উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতার সঙ্গে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ণ। এ জন্য এখন থেকেই সমন্বিত প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বরিশাল বিভাগে ২০১৯ সালের জুলাইতে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর বিভাগে সাড়ে সাত হাজার রোগী শনাক্ত হয়েছিলেন। আর মৃত্যু হয়েছিল ১৪ জনের। এর আগে এই বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের কোনো ইতিহাস নেই। এরপর দুই বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গত বছর বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব পুনরায় মারাত্মক রূপ নিয়েছিল। গত বছর প্রায় তিন হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ১১ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত বিভাগে ৯৯৬ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চলতি মাসের এক সপ্তাহেই আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন ৫৭৩ জন। এর মধ্যে গত শনিবার সকাল থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি পিরোজপুর ও পটুয়াখালী জেলায় ১৬ জন করে আক্রান্ত হয়েছেন। এরপর বরিশালে আটজন, ঝালকাঠি ও ভোলায় সাতজন ও বরগুনায় চারজন রোগী আছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত বিভাগে ৮৯৮ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চলতি মাসের এক সপ্তাহেই আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন ৪৭৫ জন। এর মধ্যে গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি পটুয়াখালী জেলায় ২৩ জন, দ্বিতীয় অবস্থানে বরগুনায় ১৩ জন। এ ছাড়া ভোলায় ৮ জন, পিরোজপুরে ১০ জন, বরিশালে ৯ জন ও ঝালকাঠিতে কোনো রোগী শনাক্ত হয়নি।

বরিশালে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সে অনুযায়ী চিকিৎসাসুবিধা বাড়ছে না। বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড চালু হলেও এখনো প্লাটিলেট সেল সেপারেটর যন্ত্র স্থাপন করা যায়নি। বিভাগের বাকি ছয়টি জেলা হাসপাতালেও এই যন্ত্র নেই। ফলে গুরুতর রোগীদের ঢাকায় স্থানান্তর করতে হচ্ছে। এতে এ বিভাগের ডেঙ্গু রোগীরা মারাত্মক ঝুঁকিতে আছেন।

ডেঙ্গু রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার সঙ্গে যুক্ত চিকিৎসকেরা জানিয়েছেন, মানুষের রক্তের মধ্যে শ্বেতকণিকা, লোহিতকণিকার সঙ্গে থাকে অণুচক্রিকা বা প্লাটিলেট। এই প্লাটিলেট একটি গুরুত্বপূর্ণ রক্তকণিকা; যা কাজ করে রক্ত জমাট বাঁধতে। ডেঙ্গু জ্বরে প্লাটিলেট দ্রুতগতিতে কমে যায়। প্লাটিলেট কমে যাওয়া মানেই শরীরে বাইরে ও ভেতরে রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যাওয়া। প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ। তবে যদি কখনো প্লাটিলেট ২০ হাজারের নিচে নেমে যায়, তখন অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা থাকে। প্লাটিলেট যদি পাঁচ হাজারের কম হয়, তখন ব্রেন, কিডনি, হার্টের মধ্যে রক্তক্ষরণের ভয় থাকে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের রক্তের প্লাটিলেট সর্বনিম্ন ৩০ হাজার থাকা প্রয়োজন। এর নিচে নামলেই রক্ত দিতে হয়। এ জন্য প্লাটিলেট সেল সেপারেটর যন্ত্র দিয়ে প্লাটিলেট আলাদা করে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের দিতে হয়।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহীন প্রথম আলোকে বলেন, এই হাসপাতালে রোগীদের চাপ সবচেয়ে বেশি। শনিবার এখানে ৭৬ জন রোগী ভর্তি ছিলেন। জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী এলেই তাঁদের বরিশালে পাঠানো হয়। ফলে এখানে রোগীদের চাপ পড়ছে। তিনি আরও বলেন, ‘শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাটিলেট সেল সেপারেটর যন্ত্র স্থাপনের জন্য আমরা প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগিদ দিচ্ছি। কিন্তু এখনো সরবরাহ করা হয়নি।’