
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার জঙ্গল থেকে আজ সোমবার দুপুর ১২টার দিকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর অটোরিকশাটি পাওয়া যায়নি।
নিহত চালক হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার আলতাপাড়া গ্রামের হাতেম মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (২৫)। তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা পূর্বপাড়া এলাকার বাবুর বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সাদ্দাম হোসেন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজেন। আজ সকালে উপজেলার বরাব এলাকার একটি জঙ্গলে গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা সাদ্দাম হোসেনের লাশ শনাক্ত করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদ্দাম নেশা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে অথবা মাদকসংশ্লিষ্ট কারণে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাদ্দামের অটোরিকশাটি পাওয়া যায়নি।