চট্টগ্রামে অনুরূপ কান্তি দাশের আলোকচিত্র প্রদর্শনী শুরু

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘উত্তরের শুভ্রতা’ শিরোনামে অনুরূপ কান্তি দাশের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধন শেষে প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথি ও সাধারণ দর্শনার্থীরা
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রবাসী আলোকচিত্রী অনুরূপ কান্তি দাশের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে ‘উত্তরের শুভ্রতা’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন।

প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ২৪টি ছবি। উদ্বোধনী বক্তব্যে আবুল মোমেন বলেন, উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত ফিনল্যান্ডের প্রকৃতির রং ও রূপ শৈল্পিক আবহে ক্যামেরার মধ্য দিয়ে তুলে ধরেছেন অনুরূপ কান্তি দাশ।

গ্রীষ্মপ্রধান দেশের বাসিন্দা হয়ে তিনি শীতপ্রধান ফিনল্যান্ডের প্রকৃতির একটি দিক অনন্যভাবে দেখিয়েছেন ছবিগুলোয়। তুষারকে মুখ্য করে তোলা এসব ছবিতে বৈচিত্র্যময় পৃথিবীকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। এ সময় বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আলোকচিত্রগুলো দেখতে পারবেন দর্শনার্থীরা। উদ্বোধনী দিন খ্যাতিমান চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলসহ চট্টগ্রামের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অনেকে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী জাহাঙ্গীর আলম, অনুরূপ কান্তি দাশ এবং প্রদর্শনীর সহযোগিতাকারী ফিনল্যান্ডের একমাত্র বাংলা নিউজ পোর্টাল সংবাদ ২১ ডটকমের পক্ষে নুর নবী।

এরপর সাংবাদিক আবুল মোমেন প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কবি ও সাংবাদিক ওমর কায়সার, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, জ্যেষ্ঠ আলোকচিত্র শিল্পী মওদুদুল আলম, মহানগর নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক সরোজ বড়ুয়া, শিল্পী অনুরূপের বাবা অজিত দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।