হত্যা মামলার আসামি হয়ে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা পদ পেলেন স্বেচ্ছাসেবক লীগে

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া আবদুর রউফ
ছবি: প্রথম আলো

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত আবদুর রউফ জেলা স্বেচ্ছাসেবক লীগে পদ পেয়েছেন। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি রফউকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে।

পদ পাওয়ায় আবদুর রউফকে শুভেচ্ছা জানিয়ে অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলে বিষয়টি জানাজানি হয়।

আবদুর রউফের পদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান। তিনি প্রথম আলোকে বলেন, জেলা কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদ শূন্য ছিল। সেই পদ আবদুর রউফকে দেওয়া হয়েছে।

ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতাকে স্বেচ্ছাসেবক লীগে পদ দিয়ে পুরস্কৃত করা হলো কি না, জানতে চাইলে জুলফিকার রহমান বলেন, ছাত্রলীগ নেতা তাকবীর ইসলাম খান হত্যা মামলায় আবদুর রউফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হলেও রায়ে এখনো দোষী প্রমাণিত হননি। রায় না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। ছাত্রলীগ কী কারণে আবদুর রউফকে বহিষ্কার করেছে সেটা জানা নেই। তবে স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্র অনুযায়ী, হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামির সংগঠনের পদ পেতে বাধা নেই। আদালতে নির্দোষ প্রমাণিত না হলে তাঁকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে।

তাকবীর হত্যা মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের ১১ মার্চ বগুড়া শহরের সাতমাথায় জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খানের অনুসারীদের সঙ্গে আজিজুল হক কলেজ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুর রউফের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় রউফ তাঁর হাতে থাকা চাকু দিয়ে তাকবীরের কোমরের নিচে পেছনে বাঁ ও ডান পাশে উপর্যুপরি আঘাত করেন। ছাত্রলীগের এক কর্মী এ সময় তাকবীরের মাথা ও ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দেন। তাকবীর আত্মরক্ষার চেষ্টা করলে হাতের কনুয়ের নিচে জখম হন এবং মাটিতে পড়ে যান। এ সময় আরও দুজন তাঁদের হাতে থাকা এসএস পাইপ দিয়ে তাকবীরকে উপর্যুপরি আঘাত করে হাত-পা ভেঙে দেন। আরেকজন রশি দিয়ে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এসে তাকবীরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকবীর একটি ভিডিওতে তাঁর ওপর হামলার বর্ণনা দেন এবং জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করেন। সেই বক্তব্যে আবদুর রউফের নেতৃত্বেই হামলা হয়েছে বলে তাকবীর উল্লেখ করেন। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৬ মার্চ তাকবীর মারা যান। একই দিন রউফকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

হত্যার ঘটনায় তাকবীরের মা আফরোজা ইসলাম সদর থানায় মামলা করেন। এতে আবদুর রউফকে প্রধান আসামি, জেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসানসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়। ওই বছরের ১৯ জুলাই আদালতে আত্মসমর্পণ করলে আবদুর রউফকে কারাগারে পাঠানো হয়। ২০২২ সালের ১৫ জুন জামিনে কারাগার থেকে মুক্তি পান রউফ।

গত ২২ আগস্ট তাকবীর হত্যা মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক জুলহাজ উদ্দিন আদালতে প্রধান আসামি আবদুর রউফসহ ছাত্রলীগের ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্ত আসামিরা ছাত্রলীগের নেতা-কর্মী। তাকবীর ইসলাম খান ও আবদুর রউফ—দুজনই জেলা ছাত্রলীগে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।