
খুলনা শহরে দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দুই দফা কালি দিয়ে বিকৃত করার পর আবার আঁকা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে চিত্রশিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি আঁকার কাজ শুরু করেন। বিকেল সাড়ে চারটার দিকে কাজ শেষ হয়।
এ নিয়ে এই দেয়ালে তৃতীয়বারের মতো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হলো। এ সময় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্পী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘গতকাল সোমবার সিটি করপোরেশনের প্রশাসক আমাকে প্রতিকৃতিটি আবার আঁকার জন্য বলেন। সে অনুযায়ী আজ বেলা সাড়ে তিনটার দিকে কাজ শুরু করি। সাড়ে চারটার দিকে আমরা কাজ শেষ করেছি।’
এর আগে গত ৬ নভেম্বর প্রথমবার প্রতিকৃতিটির মুখ কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে শিল্পী রেজাউল করিম সেটি নতুন করে আঁকেন। কিন্তু ১৬ দিনের মাথায় গত রোববার আবারও প্রতিকৃতিটির মুখে কালি লেপে দেওয়া হয়। দুই দফায় একই প্রতিকৃতি কালি দিয়ে বিকৃত করার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
গতকাল সোমবার খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রথম আলোকে জানিয়েছিলেন, প্রতিকৃতিটি ঠিক করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে বলা হয়েছে বলেও জানান তিনি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের দুটি ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বারবার এমন ঘটনা ঘটে যাওয়াকে খারাপ বিষয় উল্লেখ করে তিনি বলেন, ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পুলিশ চেষ্টা করেও সংগ্রহ করতে পারেনি।
ষাটের দশকে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তাঁকে আটকে রাখা যায়নি। যাঁরা হীনম্মন্যতা থেকে রবীন্দ্রসংস্কৃতি ধ্বংস করতে চান, তাঁর ছবিতে কালি লেপন করে কলঙ্কিত করতে চান, তাঁরা সফল হবেন না।—মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ
ওসি আরও বলেন, ঘটনাস্থলটি খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার সীমান্তবর্তী এলাকায়। শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানার একটি দল সব সময় দায়িত্ব পালন করে। এ কারণে ওই এলাকায় সদর থানার টহল কিছুটা কম থাকে। সেই সুযোগ নিচ্ছে অপরাধীরা। এখন থেকে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না।
৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়। সেখানে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতি আঁকা হয়েছে।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, এই ভূখণ্ডের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘদিনের সম্পর্ক। তাই তাঁকে আলাদা দেশের কবি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তিনি বাংলা সাহিত্যের কবি, বাংলাদেশেরও কবি।
মিনা মিজানুর রহমান আরও বলেন, ষাটের দশকে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তাঁকে আটকে রাখা যায়নি। যাঁরা হীনম্মন্যতা থেকে রবীন্দ্রসংস্কৃতি ধ্বংস করতে চান, তাঁর ছবিতে কালি লেপন করে কলঙ্কিত করতে চান, তাঁরা সফল হবেন না।