
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক মাদ্রাসাশিক্ষক আট বছরের এক শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর নাম ইমান আলী। সে নওপাড়া ইউনিয়নের সমশকান্দি গ্রামের রাজমিস্ত্রি হৃদয় মোল্লার ছেলে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুখালী পৌরসভার পূর্ব গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। মো. হেদায়েতুল্লাহ (২৬) নামের ওই মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদ্রাসাশিক্ষক হেদায়েতউল্লাহ হত্যার কথা স্বীকার করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হেদায়েতউল্লাহর বিরুদ্ধে ওই মাদ্রাসার আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর। তিনি বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পূর্ব গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানা সূত্র জানায়, ১৪ দিন আগে প্রতিষ্ঠানটিতে শিক্ষক (কারি) হিসেবে নিয়োগ পান মো. হেদায়েতুল্লাহ। তাঁর বাড়ি নেত্রকোনা জেলায়।
মধুখালী রেলস্টেশনের পূর্ব দিকে পূর্বগাড়াখোলা মহল্লায় ১৯৯০ সালে ৩০ শতাংশ জমির ওপর মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানাটি স্থাপিত হয়। এ মাদ্রাসার শিক্ষক আছেন তিনজন। শিক্ষার্থীর সংখ্যা ৬৩।
মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক দুই ধরনের শিক্ষার্থী পড়াশোনা করেন। ইমান আলীকে প্রতিদিন ভোরে তার নানি মাদ্রাসায় দিয়ে যেতেন এবং বিকেলে নিয়ে যেতেন। মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানিয়েছে, মো. হেদায়েতুল্লাহ শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর তাদের কারণে–অকারণে মারধর ও আপত্তিকর আচরণ করতেন। বিষয়টি তাদের পরিবারের সদস্যরা জানার পর মাদ্রাসার মুহতামিম ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানান।
গতকাল রোববার বিকেলে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নেয়, আজ (সোমবার) ওই শিক্ষককে চূড়ান্তভাবে বিদায় করা হবে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাম মিয়া প্রথম আলোকে বলেন, ইমান আলী মারধর ও আপত্তিকর আচরণের বিষয়টি ফাঁস করে দিতে পারে—এই ভয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাকে শ্বাসরোধে হত্যা করেন মো. হেদায়েতউল্লাহ। হত্যার ভয় দেখিয়ে ওই মাদ্রাসার আরেক শিক্ষার্থীকে এ কাজে সহায়তা করতে বাধ্য করেন তিনি। পরে সাহায্যকারী শিশুটিকে নিয়ে বাসে উঠে ফরিদপুরের দিকে চলে যান হেদায়েতউল্লাহ। মাদ্রাসার অপর শিশুদের কাছ থেকে খবর পেয়ে মাদ্রাসার আরেক শিক্ষক মোটরসাইকেল নিয়ে মাঝকান্দি এলাকায় গিয়ে বাসটি আটকান। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে হেদায়েতউল্লাহ ও ওই শিশুটিকে আটক করে।
ওই মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে ফজরের নামাজের পর পড়াশোনা শুরু করে শিক্ষার্থীরা। সাড়ে সাতটার দিকে সকালের নাশতার বিরতি দেওয়া হয়। এরপর আবার পড়াশোনা করে সকাল ১০টার দিকে ঘুমাতে যায় তারা। দুপুর সাড়ে ১২টার দিকে ঘুম থেকে উঠে আবার পড়াশোনা করে। অন্য শিশুরা ঘুমিয়ে থাকার সময় এ হত্যাকাণ্ড ঘটে।
ওই মাদ্রাসার মুহতামিম শামসুল হক প্রথম আলোকে বলেন, হেদায়েতউল্লাহকে ১৪ দিন আগে মাদ্রাসার শিক্ষক (কারি) হিসেবে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে তাঁর বিরুদ্ধে শিশুদের মারধর ও আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। এ জন্য গতকাল বিকেলে তাঁকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।