
নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পিকআপ ভ্যানটিতে চালকসহ আটজন ছিলেন। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে আসার পথে নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে।
সংঘর্ষে পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের মধ্যে একজন নারী। স্থানীয় লোকজন আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। পরে গুরুতর আহত চাজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন—মোট চারজন মারা গেছেন। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সজল কুমার সরকার জানান, পিকআপ ভ্যানটিতে থালাবাসন, কলসসহ দুটি ছাগল ছিল। দুর্ঘটনায় ছাগল দুটিও মরে গেছে।