
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা–পুলিশ স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রমজান আলী (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে তাঁকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রমজান আলীর স্ত্রী শিখা বেগমকে (২৫) স্থানীয় লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জের বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান আলী সরাইল উপজেলার চুন্টা গ্রামের এবং শিখা বেগম সদর উপজেলার ঘাটুরা গ্রামের বাসিন্দা। তাঁরা একে–অপরকে পছন্দ করে সাত বছর আগে বিয়ে করেন। তাঁদের সংসারে ৫ বছরের ছেলে ও ৩ বছরের মেয়ে রয়েছে। তাঁরা দুবাজাইল গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। রমজান আলী পেশায় পিকআপ ভ্যানচালক। আর শিখা গৃহিণী। সম্প্রতি রমজান আলী তাঁর স্ত্রীকে সন্দেহ করে আসছিলেন যে শিখা কোনো যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন।
এমন সন্দেহ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে খাওয়ার পর এই দম্পতির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। আজ শুক্রবার ভোর চারটার দিকে রমজান আলী তাঁর স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালান। পরে শিখার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে প্রাণে রক্ষা করেন। এ সময় প্রতিবেশীরা রমজান আলীকে আটক করেন। খবর পেয়ে সকালে সরাইল থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে রমজানকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, শুক্রবার বেলা তিনটা পর্যন্ত কেউ এ বিষয়ে মামলা দিতে আসেননি। স্বামীর দায়ের কোপে গুরুতর আহত শিখা বেগমকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনেরা সেখানেই রয়েছেন। এ জন্য মামলা করতে বিলম্ব হচ্ছে। রমজান আলীকে থানায় পুলিশের জিম্মায় রাখা হয়েছে। রমজান আলী ঘটনার দায় স্বীকার করেছেন।