
মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে গতকাল শনিবার দিবাগত রাতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায়। এ ছাড়া গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাটোরের নলডাঙ্গায় পড়ে থাকা অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামগামী লেনে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। চালকের অভিযোগ, যাত্রীবেশে বাসে উঠে দুই ব্যক্তি গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসে আগুন দিয়ে নেমে যান।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা দুজন যাত্রী দ্রুত নেমে যান। পরে বাসচালক ও তাঁর সহকারী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিমরাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বাসচালকের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, দুজন ব্যক্তি যাত্রীবেশে বাসে ওঠার কিছুক্ষণ পর আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিলেন না।
তবে আগুনের কারণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে হাইওয়ে পুলিশ। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক জুলহাস উদ্দিন প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে কাঁচপুর আসার পথে মঞ্জিল পরিবহনের একটি বাসে দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা নেমে পড়েন। বাসচালক ও তাঁর সহকারী কাউকে আগুন দিতে দেখেননি। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
যান্ত্রিক ত্রুটির কারণেও বাসটিতে আগুন লাগতে পারে বলে মনে করছেন এই পুলিশ পরিদর্শক।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে ঠাটাঙ্গা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভূঁইয়া পরিবহনের বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে এবং চালক না থাকায় চার-পাঁচ দিন ধরে বাসটি সেখানে রাখা হয়েছিল। গতকাল দিবাগত রাত ১২টার দিকে বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম হোসেন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাঁরা দেখতে পাননি। মসজিদের মাইকে বাসটিতে আগুন লাগার কথা ঘোষণা করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন জ্বলতে দেখেন তাঁরা। এরপর এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।
মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তাঁরা। ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন। তিনি আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চলমান পরিস্থিতিতে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসটির মালিকের বাড়ি ওই এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন দেখতে পায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নাশকতার মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলে হালতি বিলের ওয়াচটাওয়ারের নিচে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এসআরবি সূত্রে জানা যায়, হালতিবিলের ওয়াচটাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নির্দেশনা অনুযায়ী এসআরবির সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়।
পরে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়। তবে কে বা কারা এই ককটেলগুলো এই জায়গায় রেখে গেছে, তা জানা যায়নি। এই ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।
নলডাঙ্গা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেলগুলো ধ্বংস করার প্রক্রিয়া চলমান আছে।
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে এবং গতকাল রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের মাদারীপুরের জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, গতকাল রাতে কয়েকজন দুর্বৃত্ত কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়ায়নি। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন প্রতিনিধি নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর ও নাটোর]