
সিলেট নগরের জিন্দাবাজারে জালালাবাদ হাউস মার্কেটে নামের বিপণিবিতানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার এক ঘণ্টার মধ্যে বিকেল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শুক্রবার বিকেল ৩টা ২৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের দেওয়া তথ্যে জানা গেছে, বিপণিবিতানের দ্বিতীয় তলায় একটি জুতার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও দ্বিতীয় তলার ওই গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছিল।
এদিকে ঘটনাস্থলে গিয়ে সিলেট মহানগর পুলিশের একাধিক দল ওই বিপণিবিতানে থাকা ব্যবসায়ী এবং ক্রেতাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছেন। জিন্দাবাজার থেকে বন্দরমুখী সড়কটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস সিলেটের স্টেশন জ্যেষ্ঠ কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
বেলাল হোসেন শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে বলেন, বিপণিবিতানটির দ্বিতীয় তলার তিনটি গুদামে আগুন লেগেছে। এতে স্কুল ড্রেস, জুতা বিক্রির জন্য রাখা হতো। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে এক ঘণ্টার মতো সময়ে নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, সড়কটি আপাতত বন্ধ রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চলে আসায় দ্রুতই সড়কটি চালু করা হবে।