
বিএনপির তারুণ্যের সমাবেশ কেন্দ্র করে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে পুলিশ। আজ শনিবার দুপুর থেকে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এদিকে আজ ভোরে জেলা ছাত্রদলের সহসভাপতি সাগর সিদ্দিকীসহ বিএনপির তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকামুখী লেনে পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন পুলিশের ৮-১০ জন সদস্য। সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি এবং তাঁদের গন্তব্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ সময় প্রাইভেট কার ও হাইয়েস গাড়িতেও পুলিশকে তল্লাশি চালাতে দেখা যায়। এ ছাড়া মহাসড়কে পুলিশের জলকামানও দেখা যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী পদ্মা পরিবহনের যাত্রীবাহী বাসে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশি চালায়। তারা বাসের যাত্রীদের ব্যাগে তল্লাশি করে।
ওই বাসের যাত্রী সোহেল হোসেন প্রথম আলোকে বলেন, দাউদকান্দিতে পুলিশ তাঁদের গাড়িতে একবার তল্লাশি চালিয়েছে। আবার মৌচাক এলাকায় চেক করেছে। পুলিশ তাঁদের কাছে জানতে চায়, তাঁরা কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? তাঁদের সঙ্গে আইডি কার্ড আছে কি না, সেটাও তাঁরা জানতে চান।
জানতে চাইলে এসআই আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে তাঁরা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছেন। তবে তল্লাশির সময় কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, কেউ যাতে অবৈধ কিছু বহন করতে না পারেন, এ জন্য তাঁরা মহাসড়কে তল্লাশি চালাচ্ছেন।
এদিকে আজ ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি বাসা থেকে জেলা ছাত্রদলের সহসভাপতি সাগর সিদ্দিকী ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাহিদকে আটক করে পুলিশ। তবে বিএনপির নেতা-কর্মীদের দাবি, তাঁদের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বন্দরের করিম নামের একজন আছেন।
জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান বলেন, ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশের কারণে জেলা ছাত্রদলের সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, যাতে তিনি সমাবেশে অংশ নিতে না পারেন। নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতেই বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি সাগর সিদ্দিকীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাঁদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম প্রথম আলোকে বলেন, দুজনকে আটক করা হয়েছে। তাঁরা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন।