সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জে নৌকাডুবিতে তিন শিশুসন্তানের মৃত্যুতে বাকরুদ্ধ সোহেল মিয়া। রোববার দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নৌকা ডুবে তিন শিশু মারা গেছে। তারা ভাই-বোন। রোববার বেলা দুটার দিকে সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন শিশু হলো গোবিন্দপুর গ্রামের দিনমজুর সোহেল মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৩), মারজানা আক্তার (৮) ও ছেলে রবিন আহমদ (৪)। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ আছে।

গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও লক্ষ্মণশ্রী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মহিনুর ইসলাম জানান, সোহেল মিয়ার বাড়ি সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে গোবিন্দপুর গ্রামে। সড়ক থেকে বাড়ি খানিকটা দূরে হওয়ায় শুকনা মৌসুমে লোকজন পায়ে হেঁটে আর বর্ষায় নৌকার করে যাতায়াত করে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে এখন থই থই পানি।

রোববার সকালে সোহেল মিয়া ও তার স্ত্রী প্রতিদিনের মতো পাশের শান্তিগঞ্জ উপজেলায় কাজে যান। দুপুরের দিকে পানি বেড়ে বাড়ির উঠানে প্রবেশ করলে ঘরে থাকা শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে একটি ছোট নৌকা নিয়ে ফারজানা, মারজানা, রবিন আরেকটি বাড়িতে যাওয়ার চেষ্টা করে। এ সময় নৌকায় তাদের আরেক ভাই নাইম আহমদও (১০) ছিল। তারা চারজন যখন নৌকা দিয়ে যাচ্ছিল, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। নৌকাটি মাঝপথে গিয়ে ডুবে যায়। তখন নাইম আহমদ সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য তিনজন ডুবে যায়। নাইম তখন গ্রামের লোকজনকে বিষয়টি জানালে তাঁরা গিয়ে পানি থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেন।

গ্রামের বাসিন্দা ফুয়াদ আহমদ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। গত বছর সোহেলের আরেক ছেলে সাইম আহমদ (১৫) বজ্রপাতে মারা যায়। এবার তিন ছেলে-মেয়ে একসঙ্গে মারা গেল। খবর পেয়েই গ্রামের লোকজন ওই বাড়িতে গিয়েছেন।

লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওদুদ জানান, সোহেল মিয়ার পরিবারটি খুবই দরিদ্র। পরিষদ থেকে তাঁদের তাৎক্ষণিক কিছু অর্থ সহায়তা দেওয়া হয়েছে। লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।