এই বাড়ির ছাদ থেকে হাত বাঁধা অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মোল্যার মাঠের পাশে
এই বাড়ির ছাদ থেকে হাত বাঁধা অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মোল্যার মাঠের পাশে

রাতে নিখোঁজ, সকালে অন্য গ্রামের বাড়ির ছাদে পাওয়া গেল ভ্যানচালকের মরদেহ

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে এক ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মোল্যার মাঠের পাশের একটি বাড়ির ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির নাম আজিবার শেখ (৪০)। তিনি লোহাগড়ার সিংগা গ্রামের বাসিন্দা। তিনি ভ্যানে করে কাঠ টানার কাজ করতেন। পাশাপাশি যাত্রী পরিবহনও করতেন।

আজিবারের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে আজিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। অন্য দিন রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল সময়মতো না ফেরায় তাঁর স্ত্রী ফোন করেন। ফোনে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরছেন বলে জানান আজিবার। রাত বাড়লেও তিনি না ফেরায় এবং মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন।

সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজতে গিয়ে স্বজনেরা লক্ষ্মীপাশা গ্রামের মোল্যার মাঠের একপাশে ভ্যানটি পড়ে থাকতে দেখেন। ভোর পর্যন্ত ভ্যানের আশপাশে খোঁজাখুঁজি করেও আজিবারের কোনো সন্ধান পাননি স্বজনেরা।

ওই ব্যক্তির হাত দুটি বাঁধা অবস্থায় ছিল ও তাঁর স্যান্ডেল পাশের একটি বাগানে পাওয়া গেছে। আমরা সন্দেহ করছি, এটি একটি হত্যাকাণ্ড।
শরিফুল ইসলাম, ওসি, লোহাগড়া থানা

পরে সকালে মাঠের পাশের একটি একতলা বাড়ির ছাদে দুই হাত সামনের দিকে বাঁধা অবস্থায় একজনের মরদেহ দেখতে পান ওই বাড়ির লোকজন। খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আজ সকালে সেখানে গিয়ে দেখা যায়, বাড়ি ঘিরে মানুষের ভিড়। ছাদে ওঠার সিঁড়িটি বাড়ির বাইরে। ছাদে উঠতে কোনো দরজা পেরোতে হয় না।

বেলা ১১টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মরদেহ ছাদে পাওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির হাত দুটি বাঁধা অবস্থায় ছিল এবং তাঁর স্যান্ডেল পাশের একটি বাগানে পাওয়া গেছে। তাঁর ফোনটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।