সিলেট সিটি নির্বাচন

দলীয় প্রার্থীকে ভাই বলে বুকে টেনে নিলেন আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া আসাদ

সিলেট সিটির আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর জড়িয়ে ধরেছেন আসাদ উদ্দিন আহমেদকে
ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভাই বলে বুকে টেনে নিলেন দলের মনোনয়নবঞ্চিত আসাদ উদ্দিন আহমদ। এ সময় তিনি আনোয়ারুজ্জামানকে সমর্থন করার আহ্বান জানান।

আসাদ উদ্দিন আহমদ সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি। তিনি মেয়র পদে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

গতকাল বুধবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট নগরে বসবাসরত জকিগঞ্জ উপজেলার বাসিন্দাদের উদ্যোগে মতবিনিময় সভা হয়। সেখানে মেয়র প্রার্থীকে ‘ভাই’ বলে ঘোষণা দিয়ে বক্তব্য দেন আসাদ উদ্দিন। এমন বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে অতিথির আসন থেকে উঠে আসাদকে সালাম করতে যান আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় আসাদ উদ্দিন তাঁকে বুকে টেনে নেন।

আসাদ উদ্দিন দীর্ঘদিন সপরিবার সিলেটে বসবাস করে নগর আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকলেও তাঁদের আদি বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। সে হিসেবে গতকালের সভায় তিনি নিজ এলাকার বাসিন্দা হিসেবে উপস্থিত ছিলেন।

রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুর্শেদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ। মাসুক উদ্দিন আহমদ ও আসাদ উদ্দিন আহমদ সম্পর্কে ভাই।

সভায় বক্তৃতা করতে গিয়ে আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘পরিবারে আমরা চার ভাই। আনোয়ারুজ্জামান আমার পরিবারের আরেকটি ভাই। এখন থেকে আমরা পাঁচ ভাই। আপনারা আমাকে আমার সুখে-দুঃখে যেভাবে সমর্থন দিয়েছিলেন, সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি চাই, আপনারা আমার ভাই আনোয়ারুজ্জামানকে তার থেকেও বেশি সমর্থন দিয়ে নৌকার জয় নিশ্চিত করবেন।’

নিজে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন জানিয়ে আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘আমিও নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামানকে নৌকার মনোনয়ন দিয়েছেন। এতে আমার কোনো দুঃখ নেই। আনোয়ারুজ্জামান আমার ভাই। আমি দলীয় সিদ্ধান্ত মেনে আমার ভাই আনোয়ারুজ্জামানের সঙ্গে থেকে নৌকার জয়ে কাজ করে যাব।’