ফেনীতে এবারও এসএসসি পরীক্ষাযর ফলাফলে শীর্ষে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। আজ সকালে তোলা
ফেনীতে এবারও  এসএসসি পরীক্ষাযর ফলাফলে শীর্ষে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। আজ সকালে তোলা

কুমিল্লা বোর্ডে এসএসসির ফলাফলে শীর্ষে ফেনী

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফলে শীর্ষে অবস্থান করছে ফেনী জেলা। জেলায় পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ, যেখানে বোর্ডের পাসের হার ৬৫ দশমিক ৪২। ফেনী জেলায় মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে জিপিএ–৫ পেয়েছে ১ হাজার ৩৬৪ জন। তাদের মধ্যে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ১ হাজার ১২৮ জন, দাখিলে পেয়েছে ১৮৩ জন, ভোকেশনালে পেয়েছে ৫৩ জন। এসএসসিতে জেলায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা ও জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ হাজার ৯১০ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ১০ হাজার ৮২৮ জন পাস করেছে ও ৪ হাজার ৮৭ জন ফেল করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন। পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ। জেলায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ফেনী সদরে তিনটি, দাগনভূঞা ও ছাগলনাইয়ায় একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

জেলা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ফলাফলের দিক দিয়ে শীর্ষে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফেনী জেলাপর্যায়ে শীর্ষ স্থানে থাকা শতভাগ পাসের এ প্রতিষ্ঠানটি কুমিল্লা বোর্ডে সেরা তালিকায় এবারও স্থান পেয়েছে।

এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলে করায় উচ্ছ্বাসে মেতে ওঠে ফেনী সরকারি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুরে তোলা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী জেলার ছয় উপজেলায় ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করে ৪ হাজার ৩৫৬ জন। পাসের হার ৭৩ দশমিক ৯৪ শতাংশ। জেলায় মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮৩ জন।

মাদ্রাসা বোর্ডের জেলা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ৩৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১৮ জন। পাসের হার ৯৪ দশমিক ৩৬ জন। জিপিএ–৫ পেয়েছে ৭০ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে ফেনীর জেলার ছয় উপজেলায় ১ হাজার ১৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৯১৮ জন। পাসের হার ৭৯ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।

এসএসসি ও সমমানের ফলাফল বিষয়ে জানতে চাইলে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘কুমিল্লা বোর্ডে ফেনীর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করেছে। বিষয়টি অবশ্যই ফেনীবাসীর জন্য সুখবর এবং আমাদের জন্য আনন্দের।’