রায়পুরায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া যুবকের চার টুকরা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ উপজেলার খানাবাড়ি রেলস্টেশনের আউটার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ট্রেনে কাটা পড়ে নিহত ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। লাশ উদ্ধারের সময় তাঁর পরনে কোনো কাপড় পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনও তাঁকে চিনতে পারছেন না। বিভিন্ন মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, ধারণা করা হচ্ছে, সকাল আটটার দিকে ওই যুবক হয়তো খানাবাড়ি রেলস্টেশনের আউটার এলাকার রেললাইনে বসা ছিলেন বা তা ধরে হাঁটছিলেন। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনটির চাকায় কাটা পড়ে ওই যুবকের শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন রেললাইন ধরে চলাচলের সময় তাঁর চার টুকরা লাশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন।

খবরটি তাঁদের মাধ্যমে জানতে পারেন খানাবাড়ি রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা। পরে তাঁদের মাধ্যমে জানতে পেরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত যুবকের লাশ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন তাঁরা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়ার পর ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান।

জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘রায়পুরার খানাবাড়ির রেললাইন থেকে অজ্ঞাতনামা যুবকের চার টুকরা ও বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। স্বজনদের কোনো খোঁজ পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফনের ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’