
কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আজ রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
এ ছাড়া এই মামলায় আরও দুই আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলা থেকে খালাস দেওয়া হয়েছে এক আসামিকে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হোমনা উপজেলার আসাদপুর গ্রামের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। তাঁদের ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও দুই আসামি আকিমুল হক ওরফে মধু ও আবদুর রহমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মামলা থেকে খালাস দেওয়া হয় মো. সোহেল নামের একজনকে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশিকুর রহমানকে প্রেম নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ২৩ সেপ্টেম্বর আশিকুরের মা রুবি আক্তার ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ২৪ সেপ্টেম্বর হোমনা থানায় হত্যা মামলা করেন আশিকুর রহমানের দাদা আবদুল খালেক ভূঁইয়া।
মামলায় মো. সুজন মিয়াসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই–তিনজনকে আসামি করা হয়। ২০১৩ সালের ৪ এপ্রিল এ মামলায় আটজনের নামে অভিযোগপত্র আদালতে দাখিল করেন হোমনা থানার উপপরিদর্শক (এসআই) শুভ রঞ্জন চাকমা ও স্বপন কুমার মজুমদার। পরে ২০১৩ সালের ২৮ অক্টোবর কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. সোহেলও একটি সম্পূরক অভিযোগপত্র দেন।
২০১৫ সালের ১২ এপ্রিল এ মামলার চার্জগঠন করা হয়। এ মামলায় দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন আসামিদের পাঁচজনের ফাঁসির আদেশ দেন।
রায় ঘোষণার সময় আদালতে ফাঁসির আদেশ পাওয়া সোহেল মিয়া, সাত বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া আকিমুল ও আবদুর রহমান এবং খালাসপ্রাপ্ত মো. সোহেল উপস্থিত ছিলেন। ফাঁসির আদেশ পাওয়া অপর চার আসামি পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, এখন এ রায়ের দ্রুত কার্যকর চায় আশিকুর রহমানের পরিবার।