আগামী বুধবার ছেলের জন্মদিন। তাই বাড়িতে আসার প্রস্তুতি নিয়েছিলেন পুলিশের কনস্টেবল আনোয়ার মোল্লা (৩৩)। এ জন্য তিনি ছুটিও নিয়েছিলেন। কিন্তু বাড়িতে জীবিত ফিরতে পারলেন না। নিহত পুলিশ সদস্য আনোয়ারকে নিয়ে এ কথা বলছিলেন তাঁর স্ত্রী আনিসা আক্তার।
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় গতকাল রোববার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আনোয়ার মোল্লা। এ সময় তাঁর সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হন।
আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জের দত্তখন্দ এলাকার মৃত জত্তন মোল্লার ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। আনোয়ার ২০১৮ সালে পুলিশে যোগ দেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান আছে। আনোয়ার সবশেষ নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতে থাকে।
আনোয়ার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর গ্রামের বাড়ি দত্তখন্দে নেমে এসেছে শোকের ছায়া। আজ সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, তাঁর বাড়িতে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা ভিড় করেছেন। চারদিকে কান্না আর আহাজারি।
দোতলা ভবনের বাড়ির নিচতলার একটি কক্ষে বসে কাঁদছিলেন আনোয়ারের স্ত্রী আনিসা আক্তার। কান্নার দমকে বারবার থেমে যাচ্ছিল তাঁর কথা। একপর্যায়ে তিনি বলেন, গতকাল রাত ১০টার দিকে কাজে বের হওয়ার আগে শেষ কথা হয় স্বামীর সঙ্গে। তখনো বুঝতে পারেননি এমন ভয়াবহ ঘটনা ঘটবে।
আনিসা আক্তার আরও বলেন, ‘ছেলের (২) জন্মদিন বুধবার। বাড়িতে আসার জন্য ছুটিও নিয়েছিল। ছেলেকে নিয়ে কত পরিকল্পনা ছিল। সে বাড়িতে আসছে লাশ হয়ে। এখন ছেলেকে কী জবাব দেব?’ কথাগুলো বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়েন আনিসা।
এদিকে বাড়ির বারান্দায় বসে বিলাপ করছিলেন আনোয়ারের মা হাবিয়া বেগম ও বোন সেলিনা আক্তার। তাঁদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রিয়জন হারানোর শোক কোনো সান্ত্বনাতেই যেন কমছে না।
আনোয়ারের চাচা আলমাস মোল্লা বলেন, ‘ভাতিজা (আনোয়ার) বাড়ি আসবে, সবাই কতই না আনন্দে বুক পেতে ছিল। কিন্তু সে এখন লাশ হয়ে আসছে। আমরা তো এমন আসা চাইনি।’
পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, আনোয়ারের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত ও ছিদ্র হয়েছে। ঘাড়ের বাঁ পাশে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়েছে। এ ছাড়া নাক ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আজ সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়।
আলমাস মোল্লা জানান, আনোয়ার মোল্লার লাশ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাড়িতে পৌঁছায়। জানাজা হয়েছে সাতে সাতটার দিকে।