
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত পুনর্বাসনকেন্দ্রের অফিসঘাট ও নব কিশলয় বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষ চলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শমসের আলী ও পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, আলমগীর হোসেন (২৮), হৃদয় খান (৩০), ইসমাইল হোসেন (৩০) ও মো. ইলিয়াছ (১৭)। তাঁরা সবাই চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের বাসিন্দা। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হওয়ার দাবি করেছেন দুই পক্ষের নেতারা। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কায়েতপাড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বজলুর রহমানের মৃত্যুর পর গত ১২ জুন ওয়ার্ডটিতে উপনির্বাচন হয়। নির্বাচনে শমসের আলী বিজয়ী হন। ভোটে তৃতীয় হন জয়নাল আবেদিন। গত ২৩ জুন শমসের আলীর বিজয় মিছিল শেষে তাঁর অনুসারী মো. রায়হান মো. বাবলু ও মো. হাসান নামের জয়নাল আবেদিনের দুই অনুসারীকে গুলি করেন। এরপর রায়হান অস্ত্রসহ গ্রেপ্তার হন। গুলি করার জেরে ৪ ও ৫ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. হৃদয় নামের জয়নাল আবেদিনের আরেক অনুসারী গুলিবিদ্ধ হন। এ নিয়ে গত সপ্তাহে অন্তত তিনবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শমসের আলী ও পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
গতকাল শমসের আলী স্থানীয় আল আমিন একাডেমি মাঠে গানের অনুষ্ঠান আয়োজন করেন। মাঝরাতে অনুষ্ঠান শেষে তাঁর অনুসারীরা বাড়িতে ফেরার সময় অফিসঘাট এলাকায় জয়নাল আবেদিনের লোকজন হামলা করেন। পরে ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার অন্তত তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সংঘর্ষের সময় উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। ইটপাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত জয়নাল ও শমসের আলীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।
সংঘর্ষের বিষয়ে জয়নাল আবেদিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে শমসের আমার লোকজনের ওপর বারবার হামলা করছে। রাতে আমার লোকজনের ওপর হামলার পর সকালে শমসেরের অনুসারী অনিক আমার লোকজনের ওপর গুলি করেছে।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য শমসের আলীর মুঠোফোনে কল করা হলে একজন নারী ফোন ধরেন। তিনি নিজেকে শমসের আলীর আত্মীয় পরিচয় দেন। শমসের আলীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, শমসের এলাকায় নেই। নিজের নাম গোপন রেখে মুঠোফোনে ওই নারী বলেন, রাতে অনুষ্ঠান শেষে জয়নালের লোকজন এসে আগে হামলা করেন। তাঁরা গুলি করেছেন। শমসের এখন এলাকায় নেই। তাঁর ফোন বাড়িতে রেখে গেছেন।
পুলিশ জানায়, এর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ ও ৩০ এপ্রিল, ৯ ও ১০ মে, ২৩ জুন এবং ৪ ও ৫ জুলাই দুই পক্ষের মধ্যে ৫টি বড় সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ৬০ জন আহত এবং ৭ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। অন্তত ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান লুট হয়েছে। প্রতিটি সংঘর্ষেই আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও বোমা বিস্ফোরণের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এসব সংঘর্ষের জেরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ চনপাড়ায় তিনটি অভিযান চালিয়েছে। অভিযানগুলোর পর অন্তত ৩৪ জনকে গ্রেপ্তার এবং মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।