
মুন্সিগঞ্জে পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকার পদ্মা নদীতে রাব্বানী খাঁ নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
জেলে রাব্বানী খাঁ প্রথম আলোকে বলেন, বাংলাবাজার–লাগোয়া পদ্মা নদীতে সকাল থেকে জাল পেতেছিলেন তিনি। দুপুর ১২টার দিকে জালে একটি বড় আকারের কাতলা ও একটি সাড়ে সাত কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়ে। বেলা দেড়টার দিকে বাংলাবাজারে কাতলা মাছটি এনে ওজন করে দেখা যায় ২২ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন মাছটি ২২ হাজার টাকায় কিনে নেন।
বাজারে বড় আকারের মাছ দেখে সেখানে ভিড় করতে থাকেন ক্রেতারা। কেউ কেউ দরদামও করছিলেন। আজ বেলা তিনটার দিকে শহরের মুক্তারপুর থেকে বাংলাবাজারে মাছ কিনতে আসেন মো. মুরাদ হোসেন। তিনি কাতলা মাছ দেখে কেনার জন্য দরদাম করছিলেন। তিনি বলেন, ‘সচরাচর বাজারে নদীর এত বড় মাছ পাওয়া যায় না। মাছটি দেখে কেনার লোভ হচ্ছিল। একার পক্ষে কেনাও সম্ভব নয়। তাই কয়েকজন মিলে মাছটি কিনতে চাচ্ছিলাম। বিক্রেতা ১ হাজার ৪০০ টাকা কেজি করে দাম চাচ্ছেন।’
মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, ‘২২ হাজার টাকায় কেনা মাছটি ইতিমধ্যে স্থানীয় এক ব্যক্তি ২৫ হাজার টাকা দাম বলেছেন। আমি ৩০ হাজার টাকা দাম চেয়েছি। ২৮ হাজার টাকা হলে বিক্রি করব। আমি মাছটি না কেটে বিক্রি করতে চাই। তবে দামে না পোষালে কেটে বিক্রি করে দেব।’
বাংলাবাজারের পুরোনো মাছ ব্যবসায়ী মো. আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় সময় বাংলাবাজারে বড় আকারের মাছ পাওয়া যায়। কেউ পদ্মার বড় আকারের রুই, কাতলা, পাঙাশ, বোয়াল মাছ কিনতে চাইলে তাঁরা এ বাজারে আসতে পারেন।