ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ কর্মীকে দিয়ে মাদক ব্যবসা করানোর অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাংবাদিক ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কামাল হোসেন
ছবি: সংগৃহীত

যুবলীগের এক কর্মীকে দিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মকলেছুর রহমানের (শিলন) বিরুদ্ধে। ওই যুবলীগ কর্মীই সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

ওই যুবলীগ কর্মীর নাম কামাল হোসেন। তিনি জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে। আলমডাঙ্গা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাতে এ সংবাদ সম্মেলন করেন কামাল।

কামাল হোসেনের দাবি, তাঁকে দিয়ে জোরপূর্বক প্রায় দেড় বছর ধরে মাদক ব্যবসাসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড করিয়ে আসছেন ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান। এসব অপরাধমূলক কর্মকাণ্ড করতে অপারগতা প্রকাশ করায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও জানান কামাল। তিনি বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এ জন্য জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল বলেন, ২০২১ সালে জেহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যুবলীগ নেতা মকলেছুর রহমান চেয়ারম্যান পদে বিজয়ী হন। নির্বাচিত হওয়ার পর থেকে চেয়ারম্যান মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। নিজেকে কৃষক দাবি করে কামাল বলেন, বংশপরম্পরায় তিনি কৃষিকাজ করে সংসার চালিয়ে আসছিলেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে চেয়ারম্যান তাঁর সঙ্গে চলাচল করতে বলেন।

কামালের দাবি, গত বছরের শুরুর দিকে ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান জোরপূর্বক তাঁকে (কামাল) মাদক কারবারে যুক্ত করেন। তাঁকে দিয়ে বিভিন্ন জায়গায় মাদক পাঠানো হয়। মাদক কারবারে জড়িত থাকার অপরাধে তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলাও হয়। একপর্যায়ে আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগার থেকে ফিরলে চেয়ারম্যান তাঁকে কৌশলে আবারও মাদক কারবারে জড়িয়ে ফেলেন। চেয়ারম্যান তাঁকে নিশ্চয়তা দেন যে তাঁর হয়ে মাদক কারবার করলে আর কোনো মামলা হবে না, র‍্যাব-পুলিশও কিছু বলবে না।

এ বিষয়ে কামাল আজ শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যানের প্ররোচনায় গত দেড় বছরে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ি। কিন্তু সামাজিক ও পারিবারিক কারণে আমি যখন স্বাভাবিক জীবনে ফিরতে চাই, তখন চেয়ারম্যান আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি বৃহস্পতিবার বিকেলেও বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন যে তাঁর হয়ে মাদক কারবার না করলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। জীবনের নিরাপত্তায় আমি প্রশাসনের সহযোগিতা চাই।’

কামাল হোসেনের অভিযোগের বিষয়ে মতামত জানতে চেয়ারম্যান মকলেছুর রহমানের মুঠোফোনে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত পাঁচবার ফোন করা হলেও তিনি ধরেননি। এমনকি অভিযোগের বর্ণনা লিখে মতামত চেয়ে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া দেননি মকলেছুর রহমান।