ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে

গাজীপুরে দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয় এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে হঠাৎ মিছিল নিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে তখন যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা যানবাহন ভাঙচুর শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে এক সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া আরেক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের জেরে আজ সকালে নতুন করে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ৫৬টি কারখানা বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর নগরের নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা বিভিন্ন পোশাক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে নাওজোড় এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল স্বাভাবিক হয়নি।

বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার সিএনবি বাজার এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকার সড়কেও যান চলাচল ব্যাহত হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় যানবাহন ভাঙ্চুর করা হয়

সাউন্ড গ্রেনেডে সাংবাদিক আহত, আরেকজনের ওপর হামলা
শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত হয়েছেন। ঢাকায় কর্মরত কালবেলার প্রতিবেদক আল মামুন পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় একটি সাউন্ড গ্রেনেড আল মামুনের পায়ে এসে পড়লে তিনি আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ছাড়া ভোগড়া মোড়ে ছবি তোলার সময় চ্যানেল টুয়েন্টিফোরের গাজীপুরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বহিরাগত কিছু লোককেও যানবাহন ভাঙচুর করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি এলাকায় শ্রমিকেরা সকালে অবস্থান নিয়েছিলেন। তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। পরে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্যদের পাঠানো হয়েছে।