
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিএনপির অন্তত ১৮৬ জন নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা করেছে ভেড়ামারা থানা-পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভোড়ামারা থানার উপপরিদর্শক মহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় উপজেলা বিএনপির সাধারণ তৌহিদুল ইসলামসহ ৩৬ নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।
ভোড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভেড়ামারা শহরের নওদাপাড়ায় অস্থায়ী কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একই সময় জাসদের নেতা-কর্মীরা হামলা চালিয়ে দক্ষিণ রেলগেট এলাকায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ওরফে ডাবলুর ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। ককেটল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এসব ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার এবং ভাঙচুর করা ১০টি মোটরসাইকেল জব্দ করে থানায় নেয়। তবে পুলিশের দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিএনপির নেতা–কর্মীদের মধ্যে এক অনুষ্ঠানে বিরোধ দেখা দেয়। পরে তাঁরা দুই ভাগে বিভক্ত হয়ে সড়কে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিএনপির নেতা–কর্মীরা পুলিশের কাজের বাধা সৃষ্টি করেন বলে মামলায় বলা হয়েছে। এদিকে মামলার পর থেকে ভেড়ামারা শহরসহ আশপাশের ইউনিয়নগুলোর বিএনপির নেতা–কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
জানতে চাইলে কুষ্টিয়া-২ আসনের (ভেড়ামারা-মিরপুর) বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশই আমাদের নেতা–কর্মীদের ওপর হামলা করে মিথ্যা মামলা করেছে। এটা পুলিশের পুরোনো অভ্যাস। এ আসনের সংসদ সদস্যের নির্দেশেই আমাদের কর্মসূচিতে হামলা হয়েছে। মিথ্যা মামলা দিয়েছে যাতে আমরা ভয় পাই। রাজপথে না থাকতে পারি। আমাদের আন্দোলন দমানো যাবে না। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। রাজপথে এর জবাব দেওয়া হবে।’
বিএনপির এমন অভিযোগ অস্বীকার করে জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা–কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছেন। এর সঙ্গে জাসদের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি বরাবরই আগুন–সন্ত্রাসের রাজনীতি করে থাকে।