লাশ
লাশ

বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মীকে হত্যা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে মো. জাকারিয়া শাওন (২৪) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত নয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাওন স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী এবং বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দারের ভাতিজা।

স্থানীয় মানুষের ভাষ্য, সন্ধ্যায় জোড়গাছা বাজারে একদল দুর্বৃত্ত শাওনের ওপর হামলা চালায়। বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বগুড়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান বলেন, জোড়গাছা বাজারে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।