চট্টগ্রামে মধ্যরাতে আগুনে পুড়ল ২৫টি দোকান

টেলিভিশনসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি সারাইয়ের কাজ করতেন রাজু। মধ্যরাতের আগুনে পুড়ে গেছে দোকানের সব মালামাল। সকালে দোকানের পোড়া ভিটায় তিনি। বৃহস্পতিবার সকাল সাতটায় মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান। গতকাল বুধবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আসবাব তৈরির কারখানা, কাঠের গুদাম, ডিমের আড়ত, ওয়ার্কশপ, টেইলার্সসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন মো. জামশেদ আলম প্রথম আলোকে বলেন, বাজারে তাঁর একটি আসবাব তৈরির দোকান ও একটি কাঠের গুদাম ছিল। দুটিই আগুনে পুড়ে গেছে। দোকান থেকে কিছুই বের করতে পারেননি। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাঁর। তিনি বলেন, সারা দিন বেচাবিক্রি শেষ করে তিনি যখন বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, তখনই আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখের সামনেই ২৫টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারি প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি দোকানে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে।