
ঠাকুরগাঁও সদরের সালন্দর এলাকায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মাসুদ (৩৪)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একদল গরু ব্যবসায়ী একটি ট্রাক নিয়ে গরু কেনার জন্য পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ভোর সোয়া পাঁচটার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর এলাকায় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গরু ব্যবসায়ী মাসুদ। সে সময় ট্রাকে থাকা মো. শানিল (৪৫), মো. হাশেম (৩৪) ও মো. মোরসালিন (২২) আহত হন।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠান। মোরসালিনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ব্যাপারে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।