পটুয়াখালীর দুমকীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের নারীসহ ৫ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সাফিয়া বেগম নামের একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিদ্দিকুর রহমান ও তাঁর ছেলে ফিরোজ আলমকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলায় আহত হাসান হাওলাদারের ভাষ্য, প্রায় ৩৫ বছর আগে প্রতিবেশী সিদ্দিকুর রহমানের বাবার কাছ থেকে জমি কিনে দেয়াল তুলে তাঁরা চলাচলের রাস্তা তৈরি করেন। কিন্তু সিদ্দিকুর ও তাঁর পরিবারের লোকজন রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ সৃষ্টি করেন। পরে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিসের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়। কিন্তু সিদ্দিকুর ও তাঁর পরিবার মীমাংসিত বিষয়টি নিয়ে প্রায়ই বিরোধে জড়ান। এরই ধারাবাহিকতায় গতকালের হামলায় তিনি নিজেসহ পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, এ ঘটনায় গতকাল রাতে ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে।