২১ বছর ধরে হাত-পা বাঁধা জীবন কাটছে শাহানের

নেত্রকোনা জেলার মানচিত্র
নেত্রকোনা জেলার মানচিত্র

শাহান আলীর বয়স এখন ২৭ বছর। এই বয়সে তাঁর অন্য দশজন তরুণের মতো ছুটে বেড়ানোর কথা, কাজ করে সংসার চালানোর কথা, কিংবা লেখাপড়া করে উচ্চশিক্ষিত হওয়ার কথা। কিন্তু জন্মের ছয় বছর পর থেকেই মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁকে বেঁধে রাখতে হচ্ছে।

শাহান আলীর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের থাপনারগাতি গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক আবদুল মজিদ মিয়ার ছেলে। জন্মের বছর ছয়েক পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কিন্তু দরিদ্র কৃষক আবদুল মজিদ টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছেন না। এ কারণে সন্তানের দুহাত একসঙ্গে, আবার কখনো দুই পা বেঁধে রাখতে হচ্ছে মা-বাবাকে। এমন পরিবেশেই দিন পার করছেন তিনি।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ সালের ১৩ নভেম্বর শাহান আলীর জন্ম হয়। জন্মের পর স্বাভাবিকভাবে বেড়ে উঠলেও ছয় বছর হওয়ার পর থেকে তাঁর মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয়। সে সময় তাঁকে ছেড়ে দিলে ছোটাছুটি করে যাকে সামনে পেতেন, তাকেই মারধর করতেন। এলাকাবাসীর গরু, হাঁস, মুরগি, ছাগলের মারধর করাসহ পরিবারের লোকজনকে কাছে পেলে আঘাত করার চেষ্টা করতেন। তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা ঢাকায় নিয়ে চিকিৎসার কথা বললেও দরিদ্র পরিবারটি নিতে পারেনি। পরে ময়মনসিংহে রেখে কিছুদিন চিকিৎসা দেওয়ার পর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয় তাঁকে। শাহান যতই বড় হচ্ছিল, তাঁর অস্বাভাবিক আচরণ ততই বাড়ছিল। এ জন্য অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবার তাঁকে এভাবে বেঁধে রাখতে বাধ্য হয়।

শাহানের মা রহিমা খাতুন বলেন, ‘আমি এই ছেলেডারে লইয়া অনেক কষ্টে আছি। রাইতে ঘুমাইতে পারি না। রাইত-দিন হাত বাইন্দা রাখতে হয়। মা হইয়া এই দৃশ্য দেখতে কষ্ট হয়। টেহার লাইগ্গা ডাক্তার দেহাইতে পারি না। যদি সরকার আমার ছেলেডার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিত, তাহলে সুস্থ হয়ে যেত। দড়ি ও শিকল দিয়া বেঁধে রাখায় হাত-পায়ে ক্ষত হয়ে গেছে।’

শাহানের প্রতিবেশী রহমত আলী বলেন, শাহানকে দিনের বেলায় বসতঘরের পেছনে খোলা আকাশের নিচে গাছের সঙ্গে ও রাতে ঘরের ভেতর খুঁটির সঙ্গে হাত-পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সেখানেই চলে তাঁর খাওয়াদাওয়াসহ সবকিছু। এভাবেই বছরের পর বছর ধরে শাহানের বন্দিজীবন কাটছে। অর্থের অভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না পরিবারটি।

শাহানের বাবা আবদুল মজিদ মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। ঠিকমতো সংসার চলে না। ছেলেডার চিকিৎসা করে সর্বস্বান্ত হয়ে গেছি। টাকার অভাবে এখন আর চিকিৎসা চালাতে পারি না। সরকারি সহায়তা বা কেউ যদি একটু সহযোগিতা করত, তবে চিকিৎসা করানো যেতো। হয়তো চিকিৎসা করলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসত। বাবা হয়ে সন্তানের এমন দশা দেখা যে কী কষ্টের, তা বোঝাতে পারব না।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব উল আহসান প্রথম আলোকে বলেন, ‘শাহানের বিষয়টি আমি এক দিন আগে শুনেছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বলা হয়েছে, তাঁকে চিকিৎসার জন্য সরকারিভাবে ৫০ হাজার টাকা সহযোগিতা করার জন্য। এ ছাড়া তাঁর পরিবারকে বলা হয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা করা হবে।’