সুন্দরবনের অভয়ারণ্য থেকে ২৫ জেলে গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

পশ্চিম সুন্দরবনের শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে ঢুকে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া গাড়াল নদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে বন আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার জেলেরা হলেন মো. আবদুর রাজ্জাক, আফছার গাজী, শাহাদাৎ হোসেন, মো. হাকিম গাজী, সফিকুল ইসলাম, ইউনুস আলী সরদার, শহিদুল গাজী, কেরামত মিস্ত্রি, কামরুল ইসলাম, মো. ইদ্রীস আলী, মাকসুদুল আলম, মো. সাদ্দাম হোসেন, হযরত আলী শেখ, আবু হানিফা, হযরত আলী, মো. আলাউদ্দীন মালী, কামরুল ইসলাম গাজী, আমজিয়াদ মালী, ইসমাইল হোসেন, মো. জুব্বার আলী, সামাদ আলী, সফেদ আলী গাজী, মনিরুল ইসলাম, শাহ আলম ও লিয়াকত হোসেন। আটক জেলেরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা, চাঁদনীমুখা ও ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

হলদেবুনিয়া অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, গতকাল সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত অভিযান চালিয়ে ২৫ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের ব্যবহৃত তিনটি ডিঙি, মাছ ও কাঁকড়া শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। আজ শুক্রবার বন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।