গাজীপুর সিটি নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরের মা

গাজীপুর সিটি নির্বাচনের মেয়র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচনী প্রচারণায় ছেলে জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার দুপুরে নগরের হাতিমারা এলাকায়
ফাইল ছবি: প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন মেয়র পদে টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। অনিচ্ছাকৃত ভুলের জন্য জায়েদা খাতুন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ওই জবাব পৌঁছে দেন জাহাঙ্গীর আলম।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, মেয়র প্রার্থী জায়েদা খাতুনের লিখিত জবাব পেয়েছেন। তিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে তিনি আরও বেশি সতর্ক থাকবেন বলে জানিয়েছেন।

নোটিশের জবাবে জায়েদা খাতুন বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের নোটিশ পেয়ে অবগত হয়েছি যে আমার নির্বাচনী প্রচারণায় প্রকাশিত ছবি, পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে আমার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি, আমার ছবির সঙ্গে একত্রে ব্যবহার করা হয়েছে। বিষয়টি কারণ দর্শানোর নোটিশ পাওয়ার আগপর্যন্ত অবগত ছিলাম না। প্রকৃতপক্ষে আমার নির্বাচনী পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল প্রিন্টিং কারখানায় ছাপানো হচ্ছে। ইতিমধ্যে আমার অজ্ঞাতসারে অতি উৎসাহী ব্যক্তি, কোনো শুভাকাঙ্ক্ষী, স্বার্থান্বেষী ব্যক্তি না বুঝে না জেনে, ইচ্ছায়-অনিচ্ছায় আমার পোস্টার হ্যান্ডবিল, লিফলেটে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি সংযুক্ত করে বিভিন্ন স্থানে প্রদর্শন করেছেন। তাঁদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাই, তাঁরা যেন ওই ছবি, পোস্টার, হ্যান্ডবিল দ্রুত সরিয়ে নেন।’

জবাবে আরও বলা হয়, ‘উল্লিখিত বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমি আরও বেশি সতর্ক থেকে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর সব বিধিবিধান মেনে চলব। একই সঙ্গে আমার নির্বাচনী প্রচারণায় যদি কেউ আমার অজান্তে নির্বাচনী আচরণবিধি অমান্য করে কোনো ধরনের প্রচার–প্রচারণা চালান বা প্রদর্শন করেন, তাহলে আপনারা (নির্বাচন কর্তৃপক্ষ) আমাকে অনুগ্রহ করে জানালে সঙ্গে সঙ্গে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং চিরকৃতজ্ঞ থাকব।’