রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে: আমীর খসরু

ময়মনসিংহে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধান অথিতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে নগরের পলিটেকনিক ইনস্টিটিউ মাঠে
ছবি: প্রথম আলো

রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার বিকেলে ময়মনসিংহে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এ জনসমাবেশের আয়োজন করে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপি। বেলা তিনটায় শুরু হওয়া সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান (সোহেল), সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স), সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী, শরীফুল আলম প্রমুখ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের মতো দল এখন রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগকে এখন কে চালায়? পুলিশের একাংশ এবং আওয়ামী মার্কড (চিহ্নিত) কিছু সরকারি কর্মকর্তা। আওয়ামী লীগকে কে চালায়? দুর্নীতিবাজ কিছু নেতা আর ব্যবসায়ী। এরপর আর কোনো রাজনৈতিক দল আছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে পরাজিত হয়ে গেছে। বিএনপি আজকে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী দল।’

প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি আশাবাদী মানুষ। কারণ, বর্তমান সরকার আমাদের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করছে। আমাদের ১৭ জন কর্মীকে মেরে ফেলেছে। ৪০ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। তাঁরা চাকরি হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন। পুলিশের নির্যাতনে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরও বিএনপির নেতা-কর্মীরা মনোবল হারাননি। এটি আমাদের আশার কারণ।’

ময়মনসিংহে বিএনপির জনসমাবেশে নেতা–কর্মীদের সরব উপস্থিতি। রোববার দুপুরে নগরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন করছে। বাক্‌স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন করছে। গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন করছে। বাংলাদেশের এ আন্দোলন এখন আন্তর্জাতিক আন্দোলনে পরিণত হয়েছে। সমগ্র বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বিশ্ববিবেক নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছে। সরকার আন্তর্জাতিক বিভিন্ন চাপে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। র‍্যাবের পর এবার ভিসা নিষেধাজ্ঞা। বিশ্বের ১০৭টি দেশের অংশগ্রহণে বিশ্ব গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয়নি। কারণ, বিশ্ব মনে করে, বাংলাদেশে গণতন্ত্র নেই।’

হাবিব-উন-নবী খান বলেন, ‘দেশে মাসে মাসে বিদ্যুতের দাম বাড়ে। মানুষ আলো জ্বালাবে নাকি ফ্যান ঘোরাবে, সেই সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। আর আওয়ামী লীগ নেতাদের ড্রয়িংরুম, রান্নাঘরেও এসি। ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগের নেতারা চান, দেশে আবার দুর্ভিক্ষ হোক, যেন তাঁদের ফেলে দেওয়া খাবার মানুষ তুলে খায়।’