ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল

তহবিলসংকটে কেনা যাচ্ছে না রি–এজেন্ট, পরীক্ষা বন্ধ 

রোগীর চাপ থাকায় প্রতিদিন হাসপাতালে ১২০-১৩০টি এক্স-রে করা হয়। ফিল্মের যে মজুত আছে, তাতে আর সপ্তাহখানেক পরীক্ষা করা যাবে। 

তহবিল-সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন রোগের পরীক্ষার সামগ্রী (রি-এজেন্ট) ও এক্স-রের ফিল্ম কিনতে পারছে না। দুই-আড়াই মাস ধরে বেশ কয়েকটি পরীক্ষা বন্ধ রয়েছে। এদিকে এক্স-রের ফিল্মের মজুত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা। 

হাসপাতালের প্যাথলজি বিভাগ সূত্রে জানা গেছে, তহবিলের সংকটের কারণে রি-এজেন্ট কিনতে না পারায় দুই-আড়াই মাস ধরে টাইফয়েড পরীক্ষার উইডাল টেস্ট, ১০-১৫ দিন ধরে ডায়াবেটিসের গড় নির্ণয়ের এইচবিএওয়ানসি ও জন্ডিসের বিলিরুবিন পরীক্ষা বন্ধ রয়েছে। এদিকে রোগীর চাপ থাকায় প্রতিদিন হাসপাতালে ১২০-১৩০টি এক্স-রে করা হয়। ফিল্মের যে মজুত আছে, তাতে আর সপ্তাহখানেক পরীক্ষা করা যাবে।  

মেডিকেল টেকনোলজিস্ট কৃষ্ণা দাস ও মিঠুন চক্রবর্তী বলেন, রি-এজেন্টের সংকটের কারণে হাসপাতালে কয়েকটি রোগের পরীক্ষা বন্ধ রয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে প্রতিদিন ১১০-১২০টি ডিজিটাল এক্স-রে ও ১০-১২টি সাধারণ এক্স-রে করা হয়। সাধারণ এক্স-রের সরকারি ফি ৭০ টাকা ও ডিজিটাল এক্স-রের ফি ২০০ টাকা। গত ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ ডিজিটাল এক্স-রের জন্য ১ হাজার ৮০০ ফিল্ম ও সাধারণ এক্স-রের ১ হাজার ২০০ ফিল্ম রেডিওলজিস্টকে সরবরাহ করে। 

হাসপাতালের রেডিওলজিস্ট জহিরুল ইসলাম বলেন, যন্ত্র অকেজো থাকায় এক মাস ধরে সাধারণ এক্স-রে বন্ধ রয়েছে। সাধারণ এক্স-রের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, গার্ড নষ্ট হয়ে গেছে। অপর দিকে ডিজিটাল এক্স-রে যন্ত্রের বাতি, রোগীর শোবার টেবিল ও স্ট্যান্ডের স্প্রিং নষ্ট। তারপরও রোগীদের চাপ সামলাতে এই যন্ত্র দিয়েই কোনোমতে এক্স-রে পরীক্ষা করে যাচ্ছেন। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহিদু্জ্জামান বলেন, রি-এজেন্টের জন্য প্রথম ধাপে ৪৪ লাখ এবং পরে দুই ধাপে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে ৫০ লাখ টাকা খরচ হয়ে গেছে। হাসপাতালে তহবিল-সংকট রয়েছে। তহবিলের জন্য আবেদন করা হয়েছে। 

হাসপাতালের হিসাব শাখা সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে হাসপাতাল কর্তৃপক্ষ ২৯ লাখ টাকা রাজস্ব খাতে জমা দিয়েছে। এর মধ্যে এক্স-রে থেকে এসেছে ৪ লাখ ৮৮ হাজার টাকা ও প্যাথলজি বিভাগ থেকে প্রাপ্ত ১২ লাখ ৫০ হাজার টাকা। 

  জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, প্রতি মাসে হাসপাতাল কর্তৃপক্ষ লাখ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছে। কিন্তু বর্তমানে তহবিল-সংকটের কারণে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে পরিষদে আলোচনা করবেন।