সুনামগঞ্জে পরিবহনশ্রমিকদের ধর্মঘটে দুর্ভোগ, ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা

ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দিচ্ছেন বাসশ্রমিকেরা। আজ শুক্রবার সকালে শহরের বাস টার্মিনালের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে সড়কে রাখা বাস জব্দ করার ঘটনায় হঠাৎ করে পরিবহনশ্রমিকদের ডাকা ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহনশ্রমিকদের ডাকে সুনামগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার সকাল থেকে কার, মাইক্রোবাস, অটোরিকশা, ইজিবাইক চলাচলেও বাধা দিচ্ছেন বাসশ্রমিকেরা। পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টার কথা বললেও পরিবহনমালিক ও শ্রমিকদের দাবি, তাঁদের সঙ্গে প্রশাসনের কেউ–ই যোগাযোগ করেনি।

গতকাল বিকেলে টার্মিনালের পাশে ওয়েজখালী এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি বাস জব্দ করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে বাসচালক ও শ্রমিকেরা সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন।

আজ সকালে শহরের মল্লিকপুর এলাকায় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সুনামগঞ্জ থেকে কোনো বাস চলছে না। টার্মিনালের টিকিট কাউন্টারগুলো বন্ধ। টার্মিনাল এলাকায় বাসমালিক ও শ্রমিকেরা সেখানে অবস্থান নিয়ে মাইক্রোবাস, প্রাইভেট কার, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক চলাচলে বাধা দিচ্ছেন। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একই চিত্র দেখা গেছে। পুরাতন বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়ে।

বাস টার্মিনালের একটি চায়ের দোকানে বসে ছিলেন বুলবুল বেগম (৪৮), রাবেয়া বেগম (৪০) ও সুরুজ মিয়া (৪৫)। এর মধ্যে বুলবুল বেগমের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায়। বুলবুল বেগম বলেন, তিনি সিলেটে যাবেন। সকালে ভাড়ায়চালিত মোটরসাইকেলে তিনি সুনামগঞ্জ শহরে এসেছেন। বাস টার্মিনালে আসতে তাঁর খরচ হয়েছে ৪০০ টাকা। তবে টার্মিনালে এসে দেখেন বাস বন্ধ। যদি বাস ছাড়ে, এই আশায় তিনি সকাল থেকে টার্মিনালে বসে আছেন।

পরিবহনশ্রমিকদের ডাকা ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

রাবেয়া বেগম ও সুরুজ মিয়ার বাড়ি একই উপজেলার বালিজুরি গ্রামে। সুরুজ মিয়া বলেন, ‘সমস্যা একটা অইছে, এইটার সমাধানও আছে, কিন্তু গাড়ি বন্ধ করল কেন? প্রশাসন, পুলিশ কি মানুষের দুর্ভোগ দেখছে না? ’

দোয়ারাবাজার উপজেলার বোগলা গ্রামের ফাহিম আহমদ (৪২) তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকায় যাবেন বলে জেলা শহরে এসেছেন। তবে বাস ধর্মঘটের বিষয়টি তিনি জানতেন না। ফাহিম আহমদ বলেন, বাস বন্ধ রাখা কোনোভাবেই ঠিক হয়নি। আলোচনার মাধ্যমেই সমস্যার মিটমাট করা দরকার।
পরিবহনশ্রমিকেরা জানান, সুনামগঞ্জ বাস টার্মিনালে জায়গা কম থাকায় লোকাল বাস রাখারই জায়গা হয় না। সুনামগঞ্জে সব মিলিয়ে পাঁচ শতাধিক বাস আছে। এসব বাস টার্মিনালে রাখার কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে বাস টার্মিনালের পুকুর ভরাট ও সংস্কার করে জায়গা বাড়ানোর দাবি জানিয়ে এলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ অবস্থায় বাধ্য হয়েই সড়কের পাশে বাসগুলো রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে টার্মিনালের পাশে ওয়েজখালী এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি বাস জব্দ করে পুলিশ লাইনসে নিয়ে রাখা হয়।

বাস বন্ধ রেখে টার্মিনাল এলাকায় অবস্থান নিয়েছেন বাসমালিক ও শ্রমিকেরা

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন বলেন, টার্মিনালের ভেতরে জায়গা না থাকায় বাধ্য হয়েই তাঁরা কিছু বাস সড়কের পাশে রাখেন। গতকাল হঠাৎ পুলিশ বাস জব্দ করার পর মামলা দেয় এবং শ্রমিকদের সঙ্গে ‘খারাপ আচরণ’ করে। সড়কে পুলিশের হয়রানি এখন একটা বড় সমস্যা। জব্দ করা বাস ছেড়ে দেওয়া এবং মামলা প্রত্যাহার না করা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। সমস্যা সমাধানের বিষয়ে পুলিশ কিংবা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে তিনি দাবি করেন।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘জেলা পরিষদ চেয়ারম্যান বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ নেবেন বলেন জানিয়েছেন। কিন্তু হঠাৎ কেন বাস আটকানো হলো, এটাই বুঝতে পারছি না। শ্রমিকেরা পরিবহন ধর্মঘট ডাকার পর তাঁদের সঙ্গেও কেউ যোগাযোগ করেনি।’

পুলিশের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্। তিনি বলেন, একে তো রাস্তার ওপর গাড়ি রেখে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে, এখন আবার ধর্মঘট ডেকে যাত্রীদের দুর্ভোগে ফেলা হয়েছে। এটা উচিত হয়নি। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।