মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দোকানমালিকের বিরুদ্ধে মামলা

ধর্ষণ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক দোকানমালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলাটি করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে গতকাল রাতে একটি মামলা হয়েছে। ওই ছাত্রের মা বাদী হয়ে স্থানীয় এক দোকানিকে আসামি করে মামলাটি করেন। ঘটনার পর থেকে ওই দোকানমালিক পলাতক। প্রাথমিক তদন্তে ওই দোকানমালিকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ, মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ধর্ষণের শিকার ছাত্র খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ পরও সে বাড়িতে না ফেরায় স্বজনেরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযুক্ত দোকানমালিকের বাড়ি থেকে ওই ছাত্র কাঁদতে কাঁদতে বের হচ্ছিল। এ সময় স্বজনের দেখে তার কাছে কান্নার কারণ জানতে চান। তখন ভুক্তভোগী জানায়, তাকে ফুসলিয়ে ওই দোকানমালিক ধর্ষণ করেছেন।

ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ে। অভিযুক্ত দোকানমালিক আগেও ওই ছেলেকে ধর্ষণ করতে চেয়েছিলেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ছাত্রের মা প্রথম আলোকে বলেন, ‘আগেও একবার ওই দোকানমালিক আমার ছেলের সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল। আমি ওই দোকানমালিকের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ অভিযুক্ত দোকানমালিক পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।