
তখন রেবা রায় শুক্লা অষ্টম শ্রেণির ছাত্রী। বয়স সবে ১৪ বছর। এত অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাঁকে। কথা ছিল স্বামীর পরিবার থেকে তাঁর পড়াশোনার খরচ চালানো হবে। কিন্তু তা হয়নি। শ্বশুর-শাশুড়ি বলেন পড়াশোনা বন্ধ করতে। তবে তিনি দমে যাননি। প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন, হয়েছেন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা।
জীবনযুদ্ধে নিজে সফল হওয়ার পাশাপাশি এক ছেলে ও দুই মেয়েকে চিকিৎসক বানিয়েছেন রেবা। ছেলের বউ ও দুই জামাতা চিকিৎসক। ‘সফল জননী’ হিসেবে উপজেলা থেকে পেয়েছেন জয়িতা পুরস্কার। সংগ্রামী রেবা রায়ের (৫৭) বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার থানাপাড়া গ্রামে।
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে তিনি তাঁর সংগ্রাম ও সফলতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭৯ সালের কথা। তিনি তখন স্কুলে পড়েন। ১০ ভাই-বোনের মধ্যে তিনি বড়। বাবা বাণী কান্ত রায় ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সংসারে অভাব–অনটন লেগেই ছিল। অষ্টম শ্রেণিতে পড়ার সময় রেবাকে তাঁর বাবা বিয়ে দেন। স্বামী ধনঞ্জয় রায় তখন স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্বামীর ঘরে যাওয়ার পর শ্বশুর-শাশুড়ি রেবাকে স্কুলে যেতে নিষেধ করেন। নিজে সিদ্ধান্ত নেন পড়াশোনা করে ভালো কিছু করার। আশপাশে প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন।
রেবা বলেন, তাঁর স্বপ্ন ছিল মেডিকেল কলেজে পড়াশোনা করে চিকিৎসক হওয়ার। কিন্তু অর্থাভাবে শেষ পর্যন্ত মেডিকেল কলেজে পড়তে না পারলেও চিকিৎসাশাস্ত্রে ডিপ্লোমা পাস করেন। ১৯৮৮ সালে একটি বেসরকারি হাসপাতালে চাকরি নেন। এরপর ১৯৯৫ সালে পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা পদে চাকরি হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
একজন সফল মা হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন রেবা। একমাত্র ছেলে হেমন্ত রায় চৌধুরী বর্তমানে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে কর্মরত। যমজ মেয়ে তনয়া রায় চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং তন্ময়া রায় ঢাকা বারডেম জেনারেল হাসপাতালের অধীনে বারডেম একাডেমিতে পড়াশোনা করছেন।
রেবা রায় বলেন, চাকরিজীবনে তিনি সফলতা পেয়েছেন। জেলা ও উপজেলা কার্যালয় থেকে পেয়েছেন শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার। তিনি বর্তমানে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এবং পরিবার পরিকল্পনা কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রেবা রায় বলেন, ‘স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু আর্থিক সংকটে স্বপ্ন পূরণ হয়নি। তবে চিকিৎসাশাস্ত্রে ডিপ্লোমা করে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিতে পারছি। ছেলেমেয়েদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি। এখন আমার পরিবারের সবাই চিকিৎসক। বাকি জীবনে অবহেলিত ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই। চাই সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে।’ কঠিন সময়ে ভেঙে না পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যে কোনো কাজে সদিচ্ছা, সততা, স্বচ্ছতা ও চেষ্টা থাকলে মানুষ সফল হবেই। কারও ওপর নির্ভর না করে নিজের জীবন নিজেকেই গোছাতে হবে। সফল হওয়ার পেছনে এটাই হচ্ছে মূলমন্ত্র।
বদরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসক শামীমা ইয়াসমিন বলেন, রেবা রায় একজন ভালো কর্মী, একজন ভালো মানুষ। তিনি সব বাধা পেরিয়ে একজন সফল নারী।