
চিলাহাটি-ঢাকা রেলপথে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ঈদ স্পেশাল ট্রেন’। ১৮ এপ্রিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটি (১৫ আপ) ও চিলাহাটি থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন (১৬ ডাউন) উভয় দিকে দুটি ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। সৈয়দপুর রেলওয়ের পরিবহন বিভাগ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আজ সোমবার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, ১৫ আপ ও ১৬ ডাউন ট্রেন দুটি ১৮ এপ্রিল চালু হয়ে তিন দিন অর্থাৎ ২০ তারিখ পর্যন্ত ঈদে ঘরমুখী যাত্রী পরিবহন করবে। বিশেষ ট্রেনটি ১১টি কোচ নিয়ে চলবে। ওই ট্রেন বহরে আছে দুটি শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার কোচ। চারটি শীতাতপনিয়ন্ত্রিত স্নিগ্ধা কোচ, শোভন চেয়ার কোচ তিনটি, গার্ডব্রেক (পরিচালক কক্ষ), ডাইনিং কারসহ (খাবার গাড়ি) চেয়ারকোচ একটি ও ট্রেনে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার কারসহ একটি শোভন চেয়ার কোচ থাকবে। এসব ট্রেনে প্রতিদিন চার হাজার যাত্রী পরিবহন করা হবে। বিশেষ ট্রেন চালানোর জন্য ইতিমধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১০০টি রেলকোচ মেরামত করা হয়েছে। ইতিমধ্যেই মেরামত করা কোচগুলো রেলের পরিবহন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, ‘ঈদে সবচেয়ে নিরাপদ বাহন হিসেবে রেলকেই বেছে নেন যাত্রীরা। এর ফলে রেলে চাপ বেড়ে যায়। ট্রেনে অতিরিক্ত কোচ সরবরাহের জন্য তাগিদ থাকে। এবার ঈদে ১০০টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। এতে সফল হয়েছি আমরা। কারখানায় মেরামত হওয়া ওই সব কোচ আন্তনগর ট্রেনগুলোয় অতিরিক্ত কোচ হিসেবে যুক্ত করা হবে। এ ছাড়া ওই কোচগুলো দিয়ে পশ্চিমাঞ্চল রেলের জন্য দুটি স্পেশাল ট্রেন চলবে। ঢাকা-চিলাহাটি, ঢাকা-খুলনা রুটে ঈদের আগের তিন দিন ও ঈদের পরের তিন দিন বিশেষ ট্রেনগুলো চলবে।’
সৈয়দপুর স্টেশনের ব্যবস্থাপক ওবায়দুল ইসলাম বলেন, ঈদ স্পেশাল ট্রেনের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। ওই দিন রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে সৈয়দপুর হয়ে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসবে বিশেষ ট্রেনটি, যা পরদিন সকাল ৯টা ৪৫ মিনিটে চিলাহাটিতে পৌঁছাবে। একই দিন বেলা ২টা ৩০ মিনিটে চিলাহাটি হতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে অনুরূপ ট্রেন, যা রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকা পৌঁছাবে। এ ছাড়া চিলাহাটি-ঢাকা রুটে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পুরাতন কোচের বদলে চীন থেকে আমদানি করা আধুনিক কোচগুলো যুক্ত করা হবে। এবার যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঈদে যাতায়াত করতে পারবেন।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেল পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে এটা কার্যকর হয়েছে। সতকর্তার অংশ হিসেবে ট্রেনে চোরাচালান ও নাশকতাবিরোধী অভিযান পরিচালনা করা হবে। কোনো যাত্রী বিনা টিকেটে যাত্রা করতে পারবেন না। ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোয় পুলিশি পাহারা বাড়ানো হয়েছে ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে।