বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়
বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়

২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে। এখন সবার পকেট ভর্তি হয়ে গেছে। তাই এখনই সীমান্তে পাহারা বসাতে হবে। যাতে আওয়ামী লীগ পালিয়ে গেলেও একটা দুর্নীতিবাজও পালাতে না পারে।’

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় এক মতবিনিময় সভায় উপস্থিতি হয়ে তিনি এ কথা বলেন। উপজেলার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের নিয়ে এ সভা হয়। তিনি এ সভার প্রধান অতিথি ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা থাকবে এনসিপির হাতে। বিএনপির হাতে থাকবে না, জামায়াতের হাতেও যাবে না।’

স্থানীয় নির্বাচনের কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, টাকার শক্তি, দুর্নীতি বা পেশিশক্তি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনে শেষ পর্যন্ত জনগণের জয় হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সভাপতি এ এম মুন্না চৌধুরীর এ সভার সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান , যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন প্রমুখ।