
ছোট ভাইকে পেছনে বসিয়ে বড় ভাই মোটরসাইকেল নিয়ে বাড়ির পাশেই সড়কে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় একটি কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেছে দুই ভাইয়ের। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুলতান মার্কেট এলাকায়। নিহত দুই ভাইয়ের নাম মেহেদী হাসান (১৪) ও তার ছোট ভাই মো. ইসরাফিল (৯)। তারা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ভূঁইয়াপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, গাইবান্ধা সদর এলাকার সরকারপাড়া এলাকার সাজু মিয়া দীর্ঘদিন ধরে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ভূঁইয়াপাড়া এলাকায় সপরিবার বসবাস করছেন। তাঁর বড় ছেলে মেহেদী হাসান ওই এলাকার সুলতান মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণি এবং ছোট ছেলে ইশরাফিল একই স্কুলের তৃতীয় শ্রেণিতে লেখাপাড়া করত।
আজ দুপুরের দিকে বাবার মোটরসাইকেল নিয়ে ছোট ভাইকে পেছনে বসিয়ে মেহেদী কাশিমপুর-আশুলিয়ার শ্রীপুর সড়ক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এ সময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন দুই ভাইকে উদ্ধার করে গাজীপুরের সারাব এলাকায় শেখ ফাজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
প্রতিবেশী আমজাদ হোসেন বলেন, ওই দুই ভাইয়ের বাবা বাড়িতে মোটরসাইকেল রেখে কাজে বাইরে গিয়েছিলেন। এই ফাঁকে বড় ছেলে ঘর থেকে চাবি নিয়ে ছোট ভাইকে নিয়ে ঘুরতে বের হয়। খুব বেশি মোটরসাইকেল চালাতেও পারত না মেহেদী হাসান।
এ বিষয়ে কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ জানান, ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। তবে আশেপাশের সিসি ক্যামেরা দেখে কাভার্ড ভ্যানটি চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।