সিরাজদিখানে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার আরোহীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাটির আরও এক যাত্রী। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নিমতলী-কেয়াইন সড়কের কালা রায়েরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুফল দাস (১৯) সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া এলাকার গোবিন্দ দাসের ছেলে। আহত তপু দাসও একই এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই মাছ ব্যবসায়ী ছিলেন। ঢাকা থেকে মাছ কিনে সিরাজদিখান এনে বিক্রি করতেন তাঁরা।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে মাছ কিনে ঢাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় সিরাজদিখান যাচ্ছিলেন সুফল দাস ও তপু দাস। একই সময়ে সিরাজদিখান পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। উপজেলার নিমতলী-কেয়াইন সড়কের কালা রায়েরচর এলাকায় পৌঁছালে বাসটি অটোরিকশাটিকে একপাশ থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুফল দাসের মৃত্যু হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, আজ সকালে খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।