কুড়িগ্রামের উলিপুর

বুড়িতিস্তা দখল করে স্থাপনা

গুনাইগাছ খেয়াঘাট সেতু থেকে ভদ্রপাড়া ও নারিকেলবাড়ী পর্যন্ত  দখলদারদের দৌরাত্ম্য। 

বুড়িতিস্তা নদী দখল করে স্থাপন করা হয়েছে পাকা ঘর। গত বৃহস্পতিবার উলিপুর পৌর এলাকার গুনাইগাছ ব্রিজ এলাকায়
ছবি: প্রথম আলো

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ডেলটা প্ল্যান কর্মসূচির আওতায় বুড়িতিস্তা নদী খনন করা হয়েছিল। তবে চার বছর পর আবার দখলদারদের কবলে পড়েছে নদীটি। দুই পাড়ের মাটি কেটে বিক্রি, নদী দখল করে পাকা ভবন নির্মাণ ও নদীতে ঘের দিয়ে মাছ চাষ করছে একটি চক্র।

উপজেলার গুনাইগাছ খেয়াঘাট সেতু থেকে ভদ্রপাড়া ও নারিকেলবাড়ি পর্যন্ত ১২ দশমিক ৫ কিলোমিটার এলাকাজুড়ে দখলের দৌরাত্ম্য। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার এলাকায় মূল তিস্তা নদী ও তার শাখা বুড়িতিস্তায় নদীর মুখে একটি স্লুইসগেট ছিল। ১৯৮৮ সালের বন্যায় স্লুইসগেটটি ভেঙে যায়। পরে পানি উন্নয়ন বোর্ড বুড়িতিস্তার উৎস মুখের অর্জুন গ্রামে বাঁধ নির্মাণ করে। এতে বুড়িতিস্তা নদী তার স্বাভাবিক প্রবাহ হারায়। স্থানীয়ভাবে বুড়িতিস্তা বাঁচাও আন্দোলন শুরু হয়।

২০১৮ সালে প্রধানমন্ত্রীর ডেলটা প্ল্যান কর্মসূচির আওতায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড বুড়িতিস্তা নদী খননকাজ শুরু করে। নদীটি উপজেলার থেতরাই ইউনিয়নের অর্জুন গ্রাম এলাকায় তিস্তা নদী থেকে প্রবাহিত হয়ে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। এই খননের সময় বুড়িতিস্তা নদী ৮০ ফুট প্রস্থ ও ৩১ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্য হিসাব করে খনন করা হয়। যার মধ্যে উপজেলার গুনাইগাছ সেতু এলাকার থেকে নারিকেলবাড়ি ও ভদ্রপাড়া পর্যন্ত ১২ দশমিক ৫ কিলোমিটার জায়গার ৫৬ দশমিক ২৪ হেক্টর জমি ব্যক্তি মালিকাধীন দাবি করা হয়। এ বিষয়ে নারিকেলবাড়ী গ্রামের আবদুল হাইসহ ১১ জন বাদী হয়ে হাইকোর্টে মামলা করেন। মামলাটি চলমান রয়েছে। 

আমার ২ একর ৯০ শতক পৈতৃক সম্পত্তি আছে। পানি উন্নয়ন বোর্ড সিএস নকশা না দেখেই সেই জমি খনন করেছে। 
আক্তারুজ্জামান, স্থানীয় বাসিন্দা 

সরেজমিনে দেখা যায় উলিপুর পৌর শহরের গুনাইগাছ ব্রীজ, জোদ্দারপাড়া, বলদিপাড়া, ভদ্রপাড়া, নারিকেলবাড়ী, খামার চরপাড়া এলাকায় বুড়িতিস্তা খননের সময় নদীর দুই তীরে মাটি দিয়ে যে বাঁধ দেওয়া হয়েছিল, তা অনেক জায়গায় সমতল ভূমিতে পরিণত হয়েছে। 

স্থানীয় কয়েকজন বলেন, একটি চক্র বুড়িতিস্তা নদীর তীরের মাটি কেটে বিক্রি করেছে। নদী দখল করে পাকা ভবন নির্মাণ, নদীতে ঘের দিয়ে মৎস্য চাষ করা হয়েছে। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহে বিঘ্ন ঘটেছে। 

গত বৃহস্পতিবার গুণাইগাছ সেতুর পাশে কয়েকজন শ্রমিককে বাঁধের মাটি কেটে নিয়ে যেতে দেখা যায়। জানতে চাইলে একজন শ্রমিক বলেন, ‘হামরা কামলা দিয়ে খাই। হামাক এই মাটি কাটি পাশের ভিটা বাঁধিবের কইছে, হামরা সেই কাম করবের নাগছি।’ কে তাঁদের নদীর মাটি কেটে নিয়ে যাওয়ার কথা বলেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই জমির মালিক, আক্তারুজ্জামান অপু ভাই। তাঁর সঙ্গে কথা বলেন।’

আদালতের রায় না আসার আগেই তাঁরা নদী দখল করে মাছ চাষ ও নদীর পাড় দখল করে ভবন নির্মাণ করছেন।
এম এ মতিন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য

নদী দখল করে পুকুর ও পাকা ভবন নির্মাণ সম্পর্কে জানতে চাইলে আক্তারুজ্জামান বলেন, ‘বুড়িতিস্তা নদীতে আমার পৈতৃক সম্পত্তি ২ একর ৯০ শতক আছে। পানি উন্নয়ন বোর্ড সিএস নকশা না দেখেই ব্যক্তিমালিকানাধীন জমি খনন করেছে। আমরা সরকারের উন্নয়ন কাজে বাধা দিতে চাই না। সরকারের কাছে জমি অধিগ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু জমি অধিগ্রহণ করা হয়নি। তাই নদীতে বেড়ি বাঁধ দিয়ে পুকুর করে মাছ চাষ ও নিজেদের জমি দখলে নিয়ে ভবন করতেছি।’ 

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, এভাবে নদীতে বেড়িবাঁধ দিয়ে মাছ চাষ এবং নদীর দুই পাড়ের মাটি কেটে নিয়ে গেলে বর্ষা মৌসুমে নদীর পানি লোকালয়ে ঢুকে উপজেলা শহর প্লাবিত হবে। আশেপাশের ফসলের ক্ষতি হবে। এভাবে নদী দখল হতে থাকলে বুড়িতিস্তা নদী সেই আগের মতো মরা খালে পরিণত হবে।

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন বলেন, স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে সরকারের ডেলটা প্ল্যানের আওতায় বুড়িতিস্তা খননকাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে কিছু দখলদার নদী খননে বাধা দিয়ে হাইকোর্টে মামলা করেন। আদালতের রায় না আসার আগেই তাঁরা নদী দখল করে মাছ চাষ ও নদীর পাড় দখল করে ভবন নির্মাণ করছেন। দখলদারদের উচ্ছেদের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বুড়িতিস্তা নদীর পৌর এলাকায় ব্যক্তি মালিকানার জমির মালিকেরা জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। আমরা সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। জমি অধিগ্রহণ করে খননের জন্য বরাদ্দ ছিল না। এখন তাঁরা অবৈধভাবে নদীর পাড়ের মাটি কাটছেন এবং ভবন নির্মাণ করছেন। স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’